রাখি সাওয়ান্তের নায়ক হিরো আলম, প্রযোজক আরাভ খান

জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বড় চমকের ঘোষণা দিলেন ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি অভিনয় করবেন হিন্দি সিনেমায়। ছবির নাম ঠিক করা হয়েছে 'গ্যাংস্টার'। সিনেমাটি প্রযোজনা করবেন পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান।

সিনেমায় হিরো আলমের সঙ্গে জুটি বাঁধবেন বলিউডের আলোচিত অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। এক ভিডিও বার্তায় বিষয়টি সামনে আনেন আরাভ। বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমও। বর্তমানে তারা দুবাইয়ে অবস্থান করছেন।

আরাভ, রাখি ও হিরো। ছবি আরাভের ভিডিও থেকে নেওয়া

এক ভিডিও বার্তায় হিরো আলমের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় রাখি সাওয়ান্তকে। ভিডিওতে আরাভ খানকে বলতে শোনা যায়, এবার হিরো আলম বলিউডে নতুন ছবি করবেন। ছবি করতে যত টাকা লাগে আরাভ খান দেবেন।

এ সময় রাখি সাওয়ান্ত বলেন, 'সালমান (সালমান খান) ভাই দেখো, আমি বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি।'

হিরো আলম জানান, তাঁর ‘গ্যাংস্টার’ ছবির শুটিং হবে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন জায়গায়।

চলতি বছর আলোচনায় আসেন আরাভ খান। দুবাইয়ে তাঁর একটি স্বর্ণের দোকানের উদ্বোধনে হাজির হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, হিরো আলমসহ দেশের শোবিজের বেশ কয়েকজন। এরপরই বের হয়ে আসে আরাভ খানের পরিচয়। জানা যায়, তিনি হত্যা মামলার পলাতক আসামি।