মুক্তির দিনেই অনলাইনে দেখা যাচ্ছে ‘অ্যানিম্যাল’ ও ‘স্যাম বাহাদুর’

বলিউডে আজ মুক্তি পেয়েছে দুটি সিনেমা। একটি ‘অ্যানিম্যাল’, অন্যটি ‘স্যাম বাহাদুর’। তবে মুক্তির কয়েক ঘণ্টা পরই ছবি দুটি পড়েছে পাইরেসির কবলে। খবর টাইমস অব ইন্ডিয়া ও বলিউড লাইফের।

এরইমধ্যে ব্লকবাস্টার তকমা পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। তবে প্রথম দিনে ১০০ কোটি রুপির ব্যবসা করা এ সিনেমার জয়রথে বাধা হয়ে দাঁড়াতে পারে অনলাইনে ফাঁস হয়ে যাওয়া।

অন্যদিকে, ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত মেঘনা গুলজারের চলিচ্চত্র ‘স্যাম বাহাদুর’। যাতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা ভিকি কৌশল। তবে ছবিটি আজ মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে যায়। তামিলরকারর্স, টেলিগ্রাম, মুভিরুলজসহ বেশ কিছু সাইট থেকে এটি ডাউনলোড করা যাচ্ছে বলেও গুঞ্জন।

ভিকির সিনেমাটি এরইমধ্যে সমালোচকদের কাছ থেকে বিশেষ করে প্রশংসা পেয়েছে। স্যাম মানেকশের চরিত্রে তিনি মন কেড়েছেন দর্শকদের। ‘উরি’র পর আবারও এতে চর্চায় উঠে এসেছেন ভিকি।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন জামশেদজি মানেকশ। সেই সময় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যৌথভাবে লড়েছিল ভারতীয় সেনা। এখানেই শেষ নয়, ১৯৪৭ সালে ভারত-পাক যুদ্ধ, ১৯৪৮ সালে হায়দরাবাদ সংকটের সময়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

এদিকে, রণবীর কাপুরের ‌‘অ্যানিম্যাল’-এর সঙ্গে প্রতিযোগিতায় অনেকখানিই পিছিয়ে রয়েছে ‘স্যাম বাহাদুর’। টাইমস অব ইন্ডিয়ার মতে, ওপেনিংয়ে ভিকির ছবির ব্যবসার পরিমাণ হবে ৬-১০ কোটির মধ্যে।