বন্যার কবলে আমির খান, অভিযান চালিয়ে উদ্ধার করল ফায়ার সার্ভিস

ঘূর্ণিঝড় মিগজাউমের চোখরাঙানিতে বিপর্যস্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। ঘূর্ণিঝড়ের প্রভাবে বানভাসি তামিলনাড়ুর চেন্নাইসহ উপকূলবর্তী সাত জেলা। আর এতে ফেঁসে গেছেন বলিউড সুপারস্টার আমির খান।

চেন্নাইয়ে বন্যার কবলে পড়তে হয়েছে তাঁকে। আর আমিরকে উদ্ধার করতে রীতিমতো নৌকা ও উদ্ধারকারী টিম পাঠাতে হয়েছে। সাধারণ নাগরিকদের মতো নৌকায় চেপে নিরাপদ স্থানে নিতে হয়েছে তাঁকে।

বিষয়টি নিয়ে ছবি সমেত এক্সে পোস্ট দিয়েছেন দক্ষিণ ভারতীয় আরেক তারকা বিষ্ণু বৈষ্ণব। তিনিও ছিলেন সেই টিমে।

ভিষ্ণু জানান, উদ্ধার অভিযানটি চালাতে হয়েছে কারাপাক্কাম এলাকায়। তিনটি নৌকায় করে তাঁদের নিরাপদ স্থানে আনা হয়। এতে উদ্ধারকারী দলের সঙ্গে ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।


জানা গেছে, আমির খান প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় চেন্নাইয়ের দুর্যোগে আটকে পড়েছিলেন। পাশাপাশি অভিনেতা ভিষ্ণু জানান, তাঁর বাড়ির সামনে হাঁটু জল জমে যায়। ঘরে কোনো বিদ্যুৎ পরিষেবা ছিল না। ঘরের ভেতর পানি ঢুকে যায়। ওয়াইফাই ও ফোন সিগন্যাল না থাকায় কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তিনি। অবশেষে ছাদে উঠে কোনোমতে ফোন থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন তিনি। তবে দ্রুত উদ্ধারকারীরা তাঁর বাড়িতে পৌঁছে উদ্ধার করেন ভিষ্ণুকে।