দুই প্রাক্তন স্ত্রীকে নিয়ে মেয়ের গায়েহলুদে আমির

আমিরকন্যা ইরা খানের বিয়ে আজ। দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। মঙ্গলবার (২ জানুয়ারি) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় আমির খান-রীনা দত্ত দম্পতির মেয়ে ইরার গায়ে হলুদ। ইতিমধ্যে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে অনুষ্ঠানের নানা মুহূর্ত।

সেসব ছবি ও ভিডিওতে দেখা গেছে, সেজেগুজে ইরার গায়ে হলুদে হাজির হয়েছেন আমির খান, ইরার মা অর্থাৎ আমিরের প্রাক্তন স্ত্রী রিনা দত্ত। অন্যদিকে, ইরার গায়ে হলুদে আমিরের পাশে দেখা যায় মিস্টার পারফেকশনিস্টের আরেক প্রাক্তন স্ত্রী কিরণ রাওকেও। উপহার হাতে দুজনেই পৌঁছেন ইরার গায়ে হলুদে।

ইরার গায়ে হলুদে এসেছেন আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। ছবি: সংগৃহীত

এদিকে, ইরার হলুদের ভিডিও ভাইরাল হতেই নেটমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন আমির। বলিউড অভিনেতাকে নেটিজেনদের সোজা প্রশ্ন, ‘প্রেমিকা’ ফতিমা সানা শেখ কি নিমন্ত্রিত?

গত বছরের নভেম্বরেই ইরা খানের সঙ্গে নুপূর শিখরের বাগদান হয়। দুই প্রাক্তন স্ত্রী রিনা ও কিরণ রাওকে নিয়ে উপস্থিত ছিলেন আমির। মেয়ের জীবনের বিশেষ দিনে কাঁচাপাকা দাঁড়িতে, পাঠান স্যুটে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমিরের জিম ইনস্ট্রাকটর নূপুর শিখরের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়ছেন ইরা।

এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, ‌‌‘আমার কথাগুলো হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। নূপুর আমার শুধু জামাই নয়, আমার ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর তারা দুজনে একে অপরের সঙ্গে খুশি, সেটাই আমার কাছে যথেষ্ট।’

প্রসঙ্গত, কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর গুঞ্জন উঠে আমির নাকি অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে প্রেমে মত্ত। এমনকি এ-ও শোনা যাচ্ছে যে ফতিমাকেই নাকি বিয়ে করবেন তিনি।