কয়েক দিন ধরেই ভারতে আলোচনার কেন্দ্রে রয়েছে মালদ্বীপ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষদ্বীপ সফর থেকেই এই হুলুস্থুল কাণ্ডের সূত্রপাত। যে দ্বীপটি ভারতেরই একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতীয় পর্যটনের প্রচারে সেখানে গিয়েছিলেন তিনি। এরপরই সমাজমাধ্যমে তাঁকে নিয়ে কটাক্ষ করেন মালদ্বীপের কয়েকজন রাজনীতিক। শুরু হয় মালদ্বীপ ও ভারতের মধ্যে সম্পর্কের সমীকরণ নিয়ে নানা চর্চা। তখন সোশ্যাল মিডিয়ায় সালমান খান, অক্ষয় কুমার থেকে শুরু করে জন আব্রাহাম, শ্রদ্ধা কাপুরসহ আরও অনেকে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ান। ব্যতিক্রম নন রণবীর সিংও। তবে ভারতীয় পর্যটনের প্রচার করতে গিয়ে এমন ভুল করে বসলেন তিনি, যা সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে ওঠে।
ভারতীয় নেটাগরিকদের মধ্যে চলছে ট্রেন্ডিং বয়কট মালদ্বীপ। বলিউড তারকা থেকে ক্রিকেটার—সকলেই একবাক্যে বলছেন, ছুটি কাটাতে মালদ্বীপ নয়, গন্তব্য হোক ভারতের লক্ষদ্বীপ।
রণবীর সিংও তেমনটাই বলতে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, ‘চলুন ২০২৪ সালে ভারত ঘুরে দেখি আর আমাদের সংস্কৃতিকে বুঝি। চলো ইন্ডিয়া, আমাদের এই দেশ আর সৈকতগুলোতে অনেক কিছু দেখার আছে। চলো ভারত দেখি।’ হ্যাশট্যাগে জুড়ে দেন এক্সপ্লোর ইন্ডিয়ান আইল্যান্ডস। কিন্তু অভিনেতার শেয়ার করা ছবিটি ছিল ভুল।
লক্ষদ্বীপের বদলে মালদ্বীপের ছবি শেয়ার করে বসেন রণবীর। প্রায় সঙ্গে সঙ্গেই ডিলিট করে দেন। কিন্তু ট্রলের হাত থেকে রেহাই পাননি।নেটিজেনরা বলতে শুরু করেন, ‘কপি পেস্টও ঠিক করে করতে পারেন না!’ হাসিতে ফেটে পড়ার ইমোজিও দেওয়া হয়েছে রণবীরের সেই টুইটে।
প্রসঙ্গত, এ ঘটনায় মালদ্বীপের অভিযুক্ত মন্ত্রীদের বরখাস্ত করা হলেও ভারতীয় নেটিজেনদের রাগ এখনও ছাই চাপা আগুনের মতো জ্বলছে! বলিউড তারকারাও ক্ষুব্ধ। অক্ষয় কুমার, টাইগার শ্রফ, জন আব্রাহাম, শ্রদ্ধা কাপুরের মতো তারকারা মালদ্বীপের নেতা-মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের শুধু প্রতিবাদই করেননি, বরং ভারতীয় ট্যুরিজমের প্রচারও শুরু করে দিয়েছেন।