‘টুয়েলভথ ফেল’ ছবিতে পেয়েছেন অভাবনীয় সাফল্য। এই সুবাদে এখন বলিউডের ‘হট প্রোপার্টি’ হয়ে উঠেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন আরও একটি সত্য ঘটনা নির্ভর চলচ্চিত্রে। প্রযোজক একতা কাপুরের ‘দ্য সবরমতি রিপোর্ট’ চলচ্চিত্রে দেখা যাবে তাঁকে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০০২ সালে গুজরাটে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনা ও সেখানকার সাম্প্রদায়িক প্রতিহিংসার প্রেক্ষাপটে নির্মাণ হচ্ছে এই ছবি।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সম্প্রতি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘একতা কাপুর সবরমতি রিপোর্টের ঘোষণা করেছেন… কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন বিক্রান্ত ম্যাসি... একতা কাপুর যে ছবির ঘোষণা করেছেন সেটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি যাত্রা করেছিল সবরমতি এক্সপ্রেস। আর ছবির নাম দ্য সবরমতি রিপোর্ট। ছবিতে বিক্রান্ত ম্যাসি ছাড়াও রয়েছেন রাশি খান্না, রিদ্ধি ডোগরা। পরিচালনা করছেন রঞ্জন চন্দেল। ২০২৪-এর ৩ মে ছবিটি মুক্তি পাবে।’
বালাজি ফিল্মসের কর্ণধার একতা কাপুর নিজেও এই ছবির কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে গোধরা থেকে ছেড়ে আসা সবরমতি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ট্রেনের ভিতরে ছিলেন অযোধ্যা থেকে ফিরে আসা ৫৯ জন হিন্দু তীর্থযাত্রী ও কর-সেবক। তাঁরা পুড়ে মারা যান। এই ঘটনা ঘিরে বহু বিতর্ক রয়েছে। এই ঘটনার পরেই গুজরাটে তীব্র অশান্তির সৃষ্টি হয়। সেই বিষয়বস্তুকে প্রেক্ষাপট করেই তৈরি হচ্ছে বিক্রান্তের নতুন ছবি।