তানিশা মুখার্জি; বলিউড ছবিতে হয়েছে অভিষেক। তবে মা তনুজা ও বোন কাজলের ছায়াতলে পড়ে থেকেছে সবসময়।
৪৫ বছর বয়সী তানিশা মুখার্জি এখনো অবিবাহিত। বিয়ে না করলেও ৬ বছর আগে নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি বিষয়টি আবারো আলোচনায় এসেছে।
টাইমস অব ইন্ডিয়াতে এ বিষয়ে মুখ খুলেছেন ‘সরকার’খ্যাত এই অভিনেত্রী।
এ আলাপচারিতায় এই শিল্পী বলেন, ‘মানুষকে কৌতূহলী হতে দিন, তাদেরও অধিকার আছে এবং ব্যক্তিগত বিষয়ে আমারও অধিকার আছে।’
বিয়ের পরিকল্পনা নিয়ে তানিশা বলেন, ‘আমি মনে করি, বিয়ে চমৎকার একটি ইন্সটিটিউশন, যেসব মানুষ এটি বুঝেন, সঠিক মানুষ খুঁজে পান, তাদের জন্য এটি সুন্দর। আমি সবসময়ই বিয়ে করতে চাওয়ার প্রস্তাব দিয়েছি এবং সৃষ্টিকর্তা তা বারবার ফিরিয়ে দিয়েছেন। প্রত্যেক মানুষই বিশেষ এমন একজনকে খুঁজেন, যার সঙ্গে বৃদ্ধ হওয়া যায়।’
বিয়ে না করে ডিম্বাণু সংরক্ষণ করার কারণ ব্যাখ্যা করে অন্য এক সাক্ষাৎকারে তানিশা বলেছিলেন, ‘আমি আপাতত সন্তান চাই না। এ কথাই বার বার মাথায় ঘুরছিল। কিন্তু সন্তানধারণের বয়সটা মাথায় ছিল। চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছি। অবশেষে ৩৯ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছি। যদি যোগ্য পুরুষ পাই, তবেই এ ডিম্বাণু থেকে হবে আমার সন্তান। বিষয়টি নিয়ে আমি দারুণ খুশি।’
জীবন উপভোগ করতে চান—তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেছিলেন, ‘নারী মানেই যে সন্তান ধারণ করতে হবে, এই ধারণা সঠিক নয়। এমনকি বিয়ে করতে না চাইলে, করবেন না। পাশে এক জন পুরুষকে নিয়ে নিজের জীবনের সংজ্ঞা তৈরি করতেই হবে, এর মানে নেই।’
ভারতীয় অভিনেতা আরমান কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন তানিশা। এক বছর প্রেম করার পর আলাদা হয়ে যান তারা। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। যদিও সে সম্পর্কও টেকেনি।
অভিনেত্রীর কথায়, তার মা, তনুজা এই সমস্ত বিষয়ে বরাবরই উদারমনস্ক। তার ভাবনাচিন্তা যুগের থেকে অনেকটাই এগিয়ে।