দোহা চলচ্চিত্র উৎসব ২০২৬-এর আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা কাহিনিচিত্রের পুরস্কার জিতেছে চীনা নির্মাতা জৌ জিংয়ের ‘আ গার্ল আননোন’। অন্যদিকে সেরা প্রামাণ্যচিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশনের (ফিপ্রেসি) পুরস্কার জিতে নিয়েছে আসমাহান বকেরাতের ‘কংক্রিট ল্যান্ড’।
শুক্রবার (২৭ নভেম্বর) উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করে আয়োজক প্রতিষ্ঠান দোহা ফিল্ম ইনস্টিটিউট (ডিএফআই)। এবারের আসরে বিভিন্ন প্রতিযোগিতা বিভাগে দেওয়া হয়েছে ৩ লাখ মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের পুরস্কার।
আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের বিচারকদের নেতৃত্বে ছিলেন জাপানের খ্যাতিমান পরিচালক নাওমি কাওয়াসে। তাঁর সঙ্গে ছিলেন ফরাসি-তিউনিসীয় অভিনেতা আদাম বেসা, তিউনিসিয়ার প্রভাবশালী প্রযোজক ডোরা বুশুশা, ইতালির প্রামাণ্যচিত্র নির্মাতা জিয়ানফ্রাঙ্কো রোসি এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা ও শিল্পী কামাল আলজাফারি।
এই বিভাগে ‘হাউস অব দ্য উইন্ড’ চলচ্চিত্রের জন্য মরণোত্তর সেরা অভিনয়ের পুরস্কার পেয়েছেন অভিনেত্রী জোসেট কোয়ানিয়া। অন্যদিকে কাহিনিচিত্রে সেরা শৈল্পিক অর্জনের পুরস্কার পেয়েছে রাফায়েল ম্যানুয়েলের ‘ফিলিপিনিয়ানা’।
আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে মো হারাওয়ের ‘হুইসপারস অব আ বার্নিং সেন্ট’। ‘গজল-এ সর্খ’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক হয়েছেন মরিয়ম তাফাকোরি।
কাতারের স্থানীয় নির্মাতাদের জন্য আয়োজিত মেড ইন কাতার প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে হামাদ আল-ফাইহানির ‘ক্রলিং ইনটু মাইসেলফ’।
এদিকে ১৬ থেকে ২৫ বছর বয়সী আন্তর্জাতিক তরুণ বিচারকদের নিয়ে গঠিত আজিয়াল চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে কোহেই কাদোওয়াকির ‘উই আর এলিয়েনস’।
একনজরে দোহা চলচ্চিত্র উৎসব ২০২৬-এর পুরস্কারজয়ীদের তালিকা—
আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা
সেরা কাহিনিচিত্র: জৌ জিংয়ের ‘আ গার্ল আননোন’
সেরা প্রামাণ্যচিত্র: আসমাহান বকেরাতের ‘কংক্রিট ল্যান্ড’
ফিপ্রেসি পুরস্কার: আসমাহান বকেরাতের ‘কংক্রিট ল্যান্ড’
সেরা অভিনয়: অগুস্ত বার্নার্ড কুয়েমো ইয়াংহু পরিচালিত ‘হাউস অব দ্য উইন্ড’-এর অভিনেত্রী জোসেট কোয়ানিয়া (মরণোত্তর)
কাহিনিচিত্রে সেরা শৈল্পিক অর্জন: রাফায়েল ম্যানুয়েলের ‘ফিলিপিনিয়ানা’।
প্রামাণ্যচিত্রে সেরা শৈল্পিক অর্জন: তালা হাদিদের ‘বারদি’
বিশেষ সম্মাননা: সোমপট চিদগাসর্নপংসের ‘নাইন টেম্পলস টু হেভেন’
আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা
সেরা চলচ্চিত্র: মো হারাওয়ের ‘হুইসপারস অব আ বার্নিং সেন্ট’
সেরা পরিচালক: ‘গজল-এ সর্খ’ চলচ্চিত্রের জন্য মরিয়ম তাফাকোরি
সেরা অভিনয়: ‘ফর দ্য ওপোনেন্টস’ চলচ্চিত্রের জন্য দামিয়ান লোপেজ
বিশেষ সম্মাননা: ইব্রাহিম ওমরের ‘নাথিং হ্যাপেনস আফটার ইয়োর অ্যাবসেন্স’
মেড ইন কাতার প্রতিযোগিতা
সেরা চলচ্চিত্র: হামাদ আল-ফাইহানির ‘ক্রলিং ইনটু মাইসেলফ’
সেরা পরিচালক: ‘ইন দ্য সাইলেন্স আফটার’ চলচ্চিত্রের জন্য সেবাস্তিয়ান দেলাসকাসাস
সেরা অভিনয়ের জন্য আবদুলআজিজ জসিম পুরস্কার: নাদিয়া আল-খাতের পরিচালিত ‘লাইট টু অ্যাশেজ’-এর অভিনেত্রী আমনেহ আলদাম
বিশেষ সম্মাননা: টনি এল গাজালের ‘গাফলেহ’
আজিয়াল চলচ্চিত্র প্রতিযোগিতা
সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: কোহেই কাদোওয়াকির ‘উই আর এলিয়েনস’
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: প্রণব ভাসিনের ‘উই ওয়্যার হিয়ার’
দর্শক পছন্দের পুরস্কার
কাতারের চলচ্চিত্র নির্মাতা, চিকিৎসক, উদ্যোক্তা ও পানির নিচে চিত্রধারণে বিশেষজ্ঞ ড. জামাল রশিদ আলখানজির ‘জোদারি মেনো’ পেয়েছে দর্শক পছন্দের পুরস্কার।
উল্লেখ্য, দোহা চলচ্চিত্র উৎসবের ইতিহাসে এবারই প্রথম দেওয়া হয়েছে ফিপ্রেসি পুরস্কার। গত ১৯ নভেম্বর শুরু হওয়া নয় দিনব্যাপী এই উৎসবের পর্দা নামে ২৭ নভেম্বর।


