মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন

কয়েকদিন ধরেই জোড় গুঞ্জন, মা-বাবা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। অবশেষে জল্পনাই সত্যি হলো।

আজ (২৯ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিক ঘোষণা করে প্রথম সন্তান আসার খবর জানালেন এই তারকা দম্পতি। তাঁরা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি ছবি। যেখানে দেখা গেছে বাচ্চাদের জুতা, জামার সঙ্গে মাথার টুপি, বেলুনের মাঝখানে দেওয়া সন্তান আসার সময় 'সেপ্টেম্বর ২০২৪’।

‘বাফটা অ্যাওয়ার্ড’র সময় দীপিকার ‘বেবিবাম্প’ লক্ষ করেন অনেকেই। তারপর থেকেই গুঞ্জন চলতে থাকে। এবার অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বলিউড তারকা থেকে তাঁর অনুগামী সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই শুভেচ্ছা জানিয়েছেন।

প্রিয়াঙ্কা চোপড়া এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘মুবারক’। অভিনেতা বিক্রান্ত ম্যাসি আবার লিখেছেন, ‘ওএমজি! দু’জনকেই অনেক অনেক শুভেচ্ছা।’ শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিনহা, কৃতি স্যানন, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, সোনম কাপুর, অভিষেক বচ্চনসহ অনেকে।

সম্প্রতি নিজেদের পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে চান বলে এক সাক্ষাৎকারে বলেছিলেন দীপিকা। সেখানে তাঁর ভাষ্যটা ছিল এমন—‘রণবীর আর আমি শিশুদের খুব ভালোবাসি। পরিবারে এক নতুন অতিথির আসার অপেক্ষা করছি।’

সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে দীপিকা বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে, খুব শিগগিরই  সুখবর দিতে চলেছেন। 

প্রসঙ্গত, 'রামলীলা' সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। ছয় বছর সম্পর্কের পর ২০১৮ সালে তারা বিয়ে করেন।