চলতি বছরের শুরুতেই গুঞ্জন ছড়ায় মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, বাবা হচ্ছেন রণবীর সিং। এরপর গত ফেব্রুয়ারিতে খোদ দীপিকাই জানান, তিনি মা হতে চলেছেন এবং আগামী সেপ্টেম্বরে পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। সে হিসেবে সময়টা আর বেশি নেই। তবে এর মধ্যেই রোহিত শেঠি পরিচালিত নতুন ছবি ‘সিংঘাম অ্যাগেইন’ ছবির সেটে ক্যামেরাবন্দি হলেন দীপিকা।
এই ছবিতে পুলিশ অফিসার শক্তির চরিত্রে অভিনয় করছেন দীপিকা। গত বছর অক্টোবরে অভিনেত্রীর চরিত্রের ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। এবার পুলিশের পোশাকে শুটিং ফ্লোরে হাজির দীপিকা। এই ছবি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। তবে নেটদুনিয়ায় অভিনেত্রীর ছবি দেখে তাঁকে শুটিং ফ্লোরে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন অনুরাগীদের একাংশ।
দীপিকার মা হওয়ার বিষয়ে বলিপাড়ায় নানা কথা চাউর আছে। অনেকের মতে, মা হওয়ার জন্য দীপিকা সারোগেসি পদ্ধতির দ্বারস্থ হয়েছেন। আর সেটা হলে, নিজের শরীরের ওপরে কোনো প্রভাবই পড়বে না। সন্তান জন্ম নেবে অন্য কারও গর্ভাশয়ে। যদিও এ প্রসঙ্গে এখনও দীপিকা কোনো মন্তব্য করেননি।