এবার গায়ক আরিয়ান, গান শুনে মুগ্ধ দিলজিৎ

ছেলের অভিষেক প্রজেক্টের প্রচারে কোনো ছাড় দিচ্ছেন না শাহরুখ খান। আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’–এর প্রচারে এখন একেবারে সরব বলিউড বাদশা। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজটির নতুন গান ‘তেনু কি পাতা’। আরিয়ানের গাওয়া এই গান ইতিমধ্যেই আলোচনায়। তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ।

পরিচালক ও লেখক হিসেবে আত্মপ্রকাশের পর এবার গায়ক হিসেবেও চমকে দিলেন আরিয়ান। গানটির রেকর্ডিং সেশনের কিছু ভিডিও শেয়ার করেছেন শাহরুখ। সেখানে দেখা যায়, রেকর্ডিং চলাকালে আরিয়ান ও দিলজিৎ আড্ডা দিচ্ছেন, গিটার বাজাচ্ছেন, এমনকি ভিডিও কলে শাহরুখের সঙ্গেও কথা বলছেন। মজার ছলে শাহরুখকে বলতে শোনা যায়, ‘এবার আরিয়ানও বিখ্যাত হবে।’ গান শুনে দিলজিৎ নিজেও অবাক হয়ে মন্তব্য করেন, ‘এটা তুমি গেয়েছো?’

শাহরুখ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘দিলজিৎ পাজিকে অনেক ধন্যবাদ আর বড় ঝাপ্পি। আশা করি আরিয়ান তোমাকে খুব বেশি বিরক্ত করেনি। তোমাকে ভালোবাসি।’ উত্তরে দিলজিৎ মন্তব্য করেছেন, ‘আমার ভাই আরিয়ানের সঙ্গে কোলাব। আরিয়ান দুর্দান্ত গায়ক। যদি সে সংগীতে নাম লেখায়, তবে আমাদের সাবধান থাকতে হবে।’

উজ্জ্বল গুপ্তের সুর ও কুমারের লেখা এই গানে কণ্ঠ দিয়েছেন দিলজিৎ, উজ্জ্বল ও আরিয়ান খান। ভিডিওতে দেখা যায় মনোজ পাহওয়া ও বাদশাকে বক্সিং রিংয়ে লড়াই করতে, যেখানে মনোজ শেষ পর্যন্ত বাদশাকে হারান।

ওয়েব সিরিজটির লিড রোলে আছেন লক্ষ্য ও সাহের বাম্বা। এছাড়া অভিনয় করেছেন ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মণীশ চৌধুরী, রাঘব জুয়াল, আনিয়া সিং, বিজয়ন্ত কোহলি ও গৌতমী কাপুর। বিশেষ উপস্থিতিতে দেখা যাবে শাহরুখ খান, সালমান খান, আমির খান, করণ জোহর ও রণবীর সিংকে।

দ্য ব্যাডস অব বলিউড মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে।