সালমানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ! প্লেব্যাক থেকে অবসর নেওয়াতেও নাম জড়ালো ভাইজানের

অরিজিৎ সিং ও সালমান খানের সম্পর্ক একসময় যে বেশ তিক্ত ছিল, তা বলিউডে নতুন কিছু নয়। সেই পুরনো অধ্যায় পেরিয়ে এবার একেবারে অন্য কারণে আবার একসঙ্গে উচ্চারিত হচ্ছে তাঁদের নাম। প্লেব্যাক গায়ক হিসেবে অবসর ঘোষণার আগে অরিজিৎ সিংয়ের শেষ মুক্তিপ্রাপ্ত গানের সঙ্গেই জুড়ল সালমান খানের ছবি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে সমাজমাধ্যমের এক পোস্টে অরিজিৎ জানান, তিনি আর সিনেমার জন্য গান গাইবেন না। প্লেব্যাক থেকে সরে এসে অন্য ধারার সংগীতে নিজেকে ডুবিয়ে দিতে চান তিনি। পাশাপাশি নতুন প্রজন্মের গায়ক-গায়িকাদের গান শুনে অনুপ্রাণিত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন অরিজিৎ। সেই কারণেই তাঁর এই সিদ্ধান্ত।

বাংলা ছবিতে অরিজিতের শেষ গান ছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা। তবে বড়পর্দায় তাঁর কণ্ঠে আরও একটি গান মুক্তি পেতে চলেছে। আগামী ১৭ এপ্রিল মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’। এরইমধ্যে গত ২৬ জানুয়ারি প্রকাশ্যে এসেছে ছবির ‘মাতৃভূমি’ গানটির ঝলক, যেখানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। অর্থাৎ প্লেব্যাক থেকে অবসর ঘোষণার আগে এটিই তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত গান। যদিও গায়ক নিজেই জানিয়েছেন, ভবিষ্যতে রেকর্ড করা আরও কিছু গান প্রকাশ পেতে পারে।

এই ঘটনাকে ঘিরে আবার ফিরে আসছে তাঁদের পুরনো বচসার কথা। ২০১৪ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিৎ সিং ও সালমান খানের দ্বন্দ্বের সূত্রপাত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক হলেও অরিজিতের জীবনযাপন বরাবরই অত্যন্ত সাধারণ। সেই অনুষ্ঠানেও সাদামাটা পোশাকেই হাজির হয়েছিলেন তিনি। মঞ্চে পুরস্কার নিতে উঠতেই সালমান খান আচমকাই তাঁকে প্রশ্ন করেন, তিনি কি দর্শকাসনে বসে ঘুমিয়ে পড়েছিলেন!

হঠাৎ এমন প্রশ্নে কিছুটা হতচকিত হয়ে অরিজিৎ উত্তর দেন, আপনারাই তো ঘুম পাড়িয়ে দিলেন। এরপর মঞ্চ থেকে নেমে দর্শকাসনে না গিয়ে সোজা বেরিয়ে যান তিনি। বিষয়টিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রতি অসম্মান বলে মনে করেন সালমান খান। যদিও অরিজিতের পক্ষ থেকে তেমন কোনো উদ্দেশ্য ছিল না। পরে বিষয়টি বোঝানোর চেষ্টাও করেন তিনি, কিন্তু তখন বরফ গলেনি।

তবে সময়ের সঙ্গে সব কিছুই বদলায়! সেই তিক্ততা এখন অতীত। গত কয়েক বছরে প্রকাশ্যেই অরিজিৎ সিংকে নিজের বন্ধু বলে উল্লেখ করেছেন সালমান খান। আর সেই সম্পর্কেরই যেন এক নীরব সাক্ষী হয়ে রইল অরিজিতের সবশেষ প্লেব্যাক, যার সঙ্গে জুড়ে গেল সালমান খানের নাম।