মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত গতি ধরে রেখেছে ‘বর্ডার ২’। মুক্তির চতুর্থ দিনে এসে ছবিটি একদিনে সর্বোচ্চ আয় করে একাধিক রেকর্ড ভেঙেছে। একই সঙ্গে শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’-এর চতুর্থ দিনের আয়ের রেকর্ডও ছাপিয়ে গেছে ছবিটি।
ভারতের প্রজাতন্ত্র দিবসের ছুটিকে কাজে লাগিয়ে সোমবার (২৬ জানুয়ারি) ভারতীয় বক্স অফিসে একদিনে ৫৯ কোটি রুপি আয় করেছে বর্ডার ২। মুক্তির পর এটিই ছবিটির সর্বোচ্চ এক দিনের আয়।
শুধু দেশেই নয়, বিদেশের বাজারেও শক্ত অবস্থান তৈরি করেছে যুদ্ধভিত্তিক এই ছবি। মুক্তির চার দিনের মধ্যেই বর্ডার ২ বিশ্বব্যাপী ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। অনুরাগ সিং পরিচালিত ছবিটি এখন পর্যন্ত বিশ্বজুড়ে ২৩৯ কোটি ২০ লাখ রুপি আয় করেছে।
জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ভারতীয় ছবির বিশ্বব্যাপী আয়ের তালিকায় বর্ডার ২ বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। ছবিটি পেছনে ফেলেছে প্রভাস অভিনীত দ্য রাজা সাব–কে, যেটির বিশ্বব্যাপী আয় ছিল ২০৫ কোটি ৬৬ লাখ রুপি।
বর্ডার ২ ছবিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেঠি, মোনা সিং, অন্যা সিং, মেধা রানা ও সোনম বাজওয়া। দেশপ্রেম ও যুদ্ধের আবহে নির্মিত এই ছবি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘বর্ডার’ ছবিটিও বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। জেপি দত্ত পরিচালিত সেই ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল, সুনীল শেঠি, অক্ষয় খান্না, জ্যাকি শ্রফ, টাবু ও পূজা ভাট।