বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহির। তবে এবার কোনও গসিপ নয়, নিজের জীবনের এক সংবেদনশীল দিক নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দিলেন এই নৃত্যশিল্পী-অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা জানালেন, তার রয়েছে ‘ড্যাডি ইস্যু’—যার শিকড় লুকিয়ে শৈশবের পারিবারিক বাস্তবতায়। ছোটবেলাতেই বাবা-মায়ের বিচ্ছেদ, তারপর বাবার সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন—এই অভিজ্ঞতাই তার মনে তৈরি করেছিল পুরুষদের প্রতি এক ধরনের ক্ষোভ।
তবে দায় এড়িয়ে যাননি নোরা। বরং খোলাখুলিভাবে স্বীকার করেছেন, ‘এটা আমার নিজের সমস্যা, যার শুরু একজন পুরুষ থেকেই।’
এতেই শেষ নয়, তিনি বললেন ‘অ্যাবানডনমেন্ট ইস্যু’ নিয়েও। একা হয়ে যাওয়ার ভয় এতটাই গভীর ছিল যে, অনেক সময় ভুল সম্পর্ক থেকেও বের হতে পারেননি। নোরার ভাষায়, ‘একা থাকার ভয় আপনাকে এমন জায়গায় আটকে রাখতে পারে, যেখানে কোনও সুখ নেই।’
নোরার মতে, একটি সুস্থ সম্পর্কের জন্য সবচেয়ে জরুরি নিজের ভেতরের জটগুলো চেনা। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনও সম্পর্ক টিকিয়ে রাখা যায় না; বরং নিজের ভয়কে জয় করাই আসল লড়াই।
রক্ষণশীল পরিবার আর আধুনিক জীবনের টানাপোড়েন নিয়েও মুখ খুলেছেন এই অভিনেত্রী। তার কথায়, ‘আপনি কী চান আর পরিবার কী চায়—এই দ্বন্দ্বে নিজেকে হারিয়ে ফেলা উচিত নয়।’
এই কঠিন পথচলায় সবচেয়ে বড় শক্তি ছিলেন তার মা। নোরা বলেন, ‘সবসময় মা-ই পাশে ছিলেন; তিনিই আমার জীবনের আসল হিরো।’
সবশেষে ভক্তদের জন্য নোরার বার্তা, নিজেকে সময় দিন, নিজের ভেতরের কষ্টগুলো বুঝুন, আর প্রয়োজন হলে বিশেষজ্ঞের সাহায্য নিতেও পিছপা হবেন না। কারণ, সুন্দর সম্পর্ক গড়ার শুরুটা নিজের ভেতর থেকেই।