‘এত নোংরামো দেখিনি’, ককরোচদের তীব্র কটাক্ষ কঙ্গনার

ভারতে প্রশ্নফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও নিয়ে এবার তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনৌত। আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করে তাঁদের ওই বিক্ষোভের ভিডিওগুলোকে ‘বমি পাওয়ার মতো’ বলে অভিহিত করেন। এমনকি আন্দোলনকারী এই জেন-জিদের বিরুদ্ধে ‘কদর্যতা ও আবর্জনা’ ছড়ানোরও অভিযোগ তুলেছেন।

ইনস্টাগ্রামের এক পোস্টে মান্ডির সাংসদ কঙ্গনা লেখেন, ‘আমি জীবনে কখনও এক জায়গায় এত নোংরামো দেখিনি।’ আন্দোলনকারীদের ভাষার সমালোচনা করে তিনি লেখেন, ‘তারা যেভাবে কথা বলছেন এবং যে ধরনের ভাষা ব্যবহার করছেন… প্রতিটি ফ্রেমে সবকিছু এতটাই কর্কশ ও নিম্নমানের! ছিঃ… কে তাদের জন্ম দিয়েছে আর কীভাবে মানুষ করেছে?’ 

কঙ্গনা তাঁর পোস্টে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির প্রশংসা করে সিজেপির উদ্দেশে লেখেন, ‘আপনারা নিজেদের তেলাপোকা বলেন, আর আপনাদের দেখতে এবং আচরণও ঠিক তেমনই। এর মধ্যে কোনো দ্বিমত নেই, আপনারা স্রেফ পুরো বিশ্বকে নিজেদের নোংরামি, আবর্জনা ও কদর্যতার শিকার বানাচ্ছেন।’ 

ভিডিওগুলো দেখে মানসিকভাবে আঘাত পেয়েছেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী-সাংসদ।

অন্যদিকে, পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ উত্থাপনের সময় দেশটির সংসদে বিরোধীদলের হট্টগোল নিয়েও সরব হন কঙ্গনা। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, বিরোধীদলগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষাসংস্কার সংক্রান্ত কাজে বাধা সৃষ্টি করছে।

কটাক্ষ করে কঙ্গনা বলেন, ‘আমার মনে হয় বিরোধীদলগুলো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে, যতক্ষণ না তারা ক্ষমতার চেয়ার পাচ্ছে, ততক্ষণ যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, সংসদ চলতে দেবে না।’ তাঁর ভাষ্য, ‘যেহেতু তারা জনগণের রায় পায়নি, তাই দেশের কোনো কাজই হতে না দেওয়াটাই তাদের মূল উদ্দেশ্য।’