রাবণ কি পুরোপুরি খলনায়ক? নাকি প্রত্যেক মানুষের ভেতরেই লুকিয়ে থাকে ভালো-মন্দের লড়াই? ‘রামায়ণ’ সিনেমার প্রিমিয়ারে এমনই এক মন্তব্য করে আলোচনায় সাই পল্লবী। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। কেউ অভিনেত্রীর কথার সমালোচনা করছেন, কেউ আবার বলছেন, বক্তব্যের আসল অর্থ না বুঝেই তাকে আক্রমণ করা হচ্ছে।
রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত বহুল প্রতীক্ষিত পৌরাণিক সিনেমা ‘রামায়ণ’ মুক্তির আগেই দর্শকের আগ্রহের কেন্দ্রে। প্রায় ৪ হাজার কোটি টাকা বাজেটের এই সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা সাই পল্লবী। তবে এবার সিনেমার চেয়ে রাবণকে নিয়ে তার মন্তব্যই বেশি চর্চায়।
গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটির প্রিমিয়ার। সেখানে লালগালিচায় দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সংস্কৃতি ও পৌরাণিক কাহিনি বিশ্বদর্শকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সিনেমাটির ভূমিকা নিয়ে কথা বলেন অভিনেত্রী। এ সময় রাবণ প্রসঙ্গে তিনি বলেন, ‘কারণ, রাবণ পুরোপুরি খারাপ নন। আমাদের প্রত্যেকের ভেতরে থাকা রাবণকে চিনতে হবে এবং সময়ের সঙ্গে নিজেদের পরিবর্তন করতে হবে।’
সাই পল্লবীর এই বক্তব্য নিয়েই শুরু হয় নেটিজেনদের তর্ক-বিতর্ক। একজন মন্তব্য করেন, এ ধরনের বক্তব্য এড়িয়ে যাওয়া উচিত, কারণ এতে নেতিবাচকতা ও বিতর্ক বাড়তে পারে। আরেকজন লেখেন, ‘একজন নারী তার অপহরণকারীর প্রশংসা করছেন।’
তবে সবাই যে অভিনেত্রীর সমালোচনা করছেন, তা নয়। অনেকেই তার বক্তব্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তাদের মতে, একজন মানুষের মধ্যে ভালো ও মন্দ—দুই ধরনের বৈশিষ্ট্যই থাকতে পারে, এটাই বোঝাতে চেয়েছেন সাই পল্লবী।
এক নেটিজেনের ভাষ্য, অভিনেত্রী স্পষ্টতই মানুষের ভেতরের অশুভ প্রবৃত্তির সঙ্গে রাবণের তুলনা করেছেন। সেই প্রবৃত্তি চিনতে পারা এবং নিজেকে বদলানোর চেষ্টা করাই এখানে মূল বিষয়। আবার কেউ কেউ মনে করছেন, সাই পল্লবী এমনিতেই অনলাইনে অনেক সমালোচনার মুখে পড়ছেন। তাই বক্তব্যের প্রেক্ষাপট না বুঝে তাকে নতুন করে আক্রমণ করা ঠিক নয়।
এদিকে বিতর্কের মধ্যেই মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রামায়ণ’। দুই পর্বে নির্মিত সিনেমাটির প্রথম অংশ আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে।