ভিডিও প্রসঙ্গে রাশমিকা বললেন, আমার ভয় করছে

জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‌‘পুষ্পা’ দিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। অভিষেক হয়েছে বলিউডেও। এসব কারণে খুব দ্রুত এদেশেও পেয়েছেন তার ভক্ত।

সবশেষ রণবীর কাপুরের বিপরীতে জুটি বেঁধেছেন মুক্তি প্রতীক্ষিত ‘অ্যানিমেল’ ছবিতে। টিজার মুক্তির পর থেকে নানা কারণে আলোচনায় তিনি।

এরমধ্যেই একটি ভিডিওতে সয়লাব সোশ্যাল মাধ্যম। আপত্তিকর সেই ভিডিও প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেত্রী। 

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিবৃতি দিয়ে লেখেন, ‘‘আমার যে ডিপফেক ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে, সেটা নিয়ে কথা বলতে গেলেও ভীষণ খারাপ লাগছে। আমি ব্যথিত। এই ঘটনা আমার কাছে খুবই ভয়ের। শুধু আমার একার জন্য নয়, যাঁরাই সারাক্ষণ ক্যামেরার সামনে রয়েছেন তাঁদের জন্য। ভাবলেই ভয় করছে, কীভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে।’

পাশাপাশি কৃতজ্ঞতাও জানিয়েছেন। কারণ তার পাশে পেয়েছেন অমিতাভ বচ্চনসহ একাধিক তারকাকে।

রাশমিকা আরও লেখেন, ‘আজ একজন নারী ও অভিনেত্রী হিসাবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধবদের কাছে কৃতজ্ঞ, যাঁরা আমাকে এই সময় সমর্থন করেছেন আমার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু ভাবুন, যদি আমি একজন স্কুল-কলেজে পড়া ছাত্রী হতাম! আমার তো মাথা কাজ করত না এই পরিস্থিতিকে সামাল দেওয়ার। আমাদের সকলের উচিত সমষ্টিগতভাবে এগিয়ে এসে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা।’

‘গুডবাই’ ছবিতে বিগ বি’র সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রাশমিকা। অভিনেত্রীর হয়ে এবার আইনি পদক্ষেপের দাবি তুললেন অভিভাবকসম এই অভিনেতা। অমিতাভের দাবি, এই বিকৃত ভিডিওর নেপথ্যে যে বা যারা, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া উচিত।

ভাইরাল ওই ভিডিওটি গভীরভাবে যদি খুঁটিয়ে দেখা হয়, তাহলেই ধরতে পারা যায় এটি প্রযুক্তির কারসাজি। ওই ভিডিও আসলে জারা প্যাটেল নামে একজনের।