এবার শুরু হচ্ছে সেলিব্রেটি ফুটবল টুর্নামেন্ট

গত বছর বেশ জাঁকালোভাবে আয়োজন করা হয় সেলিব্রেটি ক্রিকেট লিগ। যা শেষ অবধি আইন আদালত অবধি গড়ায়, হয়ে যায় পণ্ড। সেই লিগ আয়োজন করেছিল উইংস কমিউনিকেশনস। একই আয়োজকরা এবার শুরু করছে সেলিব্রেটি ফুটবলস ম্যানিয়া!

গতকাল (৮ এপ্রিল) রাতে মিরপুর স্কাই লাউঞ্জে এক ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবাদ সম্মেলন এবং লোগো উন্মোচিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সাঞ্জু জন, রাহা তানহা খান, রাফসান শাবাব, মুসাফির সাঈদ, শিবলী নোমানসহ অনেকেই।

আয়োজকরা জানায়,  বাংলাদেশের বিভিন্ন শ্রেণির তারকারা ফুটবল খেলবে ছয়টি দলের ভাগ হয়ে। এখানে চারটি দল ছেলে তারকাদের ও দুটি দল মেয়ে তারকাদের। আগামী ২৯ ও ৩০ এপ্রিল এই খেলা অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে উইংস কমিউনিকেশনসের কর্ণধার সৈয়দ  জিহাদ হোসাইন বলেন, ‘সিসিএল এ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পূর্বের সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকল ভুল-ভ্রান্তি শুধরে আমরা এইবারের এই আয়োজন করতে যাচ্ছি। এবার অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড, এফডিসি এবং আমাদের সিনিয়র শিল্পীদের সহযোগিতা আমরা নিয়েছি। তারা আমাদের ব্যাপকভাবে সাপোর্ট করছেন। আশা করছি, এইবারের আয়োজন অনেক বেশি জাঁকজমকপূর্ণ হবে সুশৃঙ্খল হবে।’