শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বলছেন তারকারা

কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম তোলপাড়। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মন্তব্য করছেন তারকারাও। কী বলছেন বিনোদন অঙ্গনের শিল্পীরা তা-ই তুলে ধরা হলো নিচে—

বুবলীর পোস্ট

চিত্রনায়িকা শবনম বুবলী তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’

সিয়াম আহমেদ গতকাল লেখেন, ‘আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?‌'

চিত্রনায়িকা পরী মণি তাঁর ফেসবুক হ্যান্ডেলে এক ছাত্রীর ওপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’ লেখাটি প্রথমে লিখেছেন কণ্ঠশিল্পী লুৎফর হাসান। তাঁকে ক্রেডিট দিয়েই কথাটি লিখেছেন পরী মণি। 

পরীর স্ট্যাটাস

অভিনেত্রী রুনা খান হামলার শিকার ভীত এক ছাত্রীর ছবি প্রকাশ করে হৃদয়ভাঙা ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

দেশের আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের দায়িত্ব নেব। যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব। তাই, যদি তোমাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকায়, তাহলে তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি দুঃখিত, এটাই সর্বোচ্চ হয়তো এখন করতে পারছি। যদি তোমাদের কোনো থাকার জায়গা প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয়, আমি আছি। মাত্রই কিছু ভিডিও দেখলাম, যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছে না।’

ভিডিও দেখুন:নির্মাতা ও অভিনেতা সুমন আনায়ারও আন্দোলনকারী ছাত্রদের পক্ষে লিখেছেন, ‘‘দেশটা তাহলে শুধুই আপনাদের, আমরা ধইঞ্চা? আসলে যেখানে দায়িত্ব শব্দটা ‘ক্ষমতা’ হিসেবে ব্যবহার হয় সেখানে নাগরিক ধইঞ্চা!’’

‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ তিন শব্দের এক স্ট্যাটাস দিয়ে বলেছেন, ‘ছাত্রদের পাশে দাঁড়ান।’ 

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার নানা-দাদা মুক্তিযোদ্ধা। আমার কোটা লাগে না। অনেক চাকরি আছে, কেন শুধু সরকারি চাকরিই করতে হবে। আর কিছু কোটা থাকলে সমস্যাটা কি? এত মারামারি কেন?’

নিলয় আলমগীরের পোস্ট

অভিনেতা নিলয় আলমগীরও দীর্ঘ স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, ‘আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারকে যে সম্মান ও ভালোবাসা আপনি সব সময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ...।’