একই ছবিতে মিঠুন-রজনী 

তিন দশক পর ফের একসঙ্গে বড়পর্দায় দুই সুপারস্টার—মিঠুন চক্রবর্তী ও রজনীকান্ত! ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ভ্রষ্টাচার’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। এরপর ১৯৯৫ সালের ‘ভাগ্যবিধাতা’ ছবিতে রজনীকান্ত করেছিলেন ক্যামিও চরিত্র। দীর্ঘ বিরতির পর এবার আবার জুটি বাঁধছেন এই দুই মহাতারকা।

শোনা যাচ্ছে, ‘জেলার’-এর সিক্যুয়েল ‘জেলার ২’ নিয়েই শুরু হয়েছে তাঁদের নতুন যাত্রা। ইতিমধ্যেই মিঠুন চক্রবর্তী কাজ শুরু করে দিয়েছেন, চলতি সপ্তাহেই শুটিংয়ে যোগ দেবেন রজনীকান্ত। মিঠুন থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই মুক্তি পাবে সিনেমাটি।

রজনীকান্তের সাম্প্রতিক ছবি ‘কুলি’ মাত্র ছয় দিনেই ৭০০ কোটির মাইলফলক ছুঁয়েছে। মুক্তির দিনই বক্স অফিসে প্রতিযোগিতায় নেমেছিল ‘ধূমকেতু’ ও ‘ওয়ার ২’-এর সঙ্গে, তবে আয়ের নিরিখে ‘কুলি’ অনেক এগিয়ে। এখনো ছবিটি প্রতিদ্বন্দ্বিতা করছে ‘সাইয়ারা’ ও ‘ছাবা’-র মতো বড় বাজেটের সিনেমার সঙ্গে, কিন্তু ভক্তদের উন্মাদনা বলছে—শিগগিরই শীর্ষে পৌঁছে যাবে কুলি।

অন্যদিকে মিঠুন চক্রবর্তীও আছেন সমান আলোচনায়। তাঁর সাম্প্রতিক ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে তোলপাড় সারা দেশ। বিতর্কের মাঝেই শুরু করেছেন নতুন ছবির শুটিং।

২০২৩ সালে মুক্তি পাওয়া নেলসন দিলীপ কুমার পরিচালিত জেলার বিশ্বব্যাপী ৬০০ কোটিরও বেশি ব্যবসা করেছিল। তাই দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকের উচ্ছ্বাস স্বাভাবিক। শুটিং হবে চেন্নাইসহ দেশের নানা প্রান্তে।