জুবিনের গাওয়া গান আমাকে বিখ্যাত করেছে: অনন্ত জলিল

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় ১৯ সেপ্টেম্বর মারা যান ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গার্গ। বহু ভাষায় সমান দক্ষতায় গান গেয়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন এই শিল্পী। শুধু ভারত নয়, বাংলাদেশেও তাঁর কণ্ঠের ছোঁয়া ছিল।

বাংলাদেশি সিনেমাতেও প্লেব্যাক করেছেন জুবিন। চিত্রনায়ক অনন্ত জলিলের সিনেমা ‘নিঃস্বার্থ ভালোবাসা’-এর জনপ্রিয় গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ জুবিনের কণ্ঠেই দারুণ জনপ্রিয়তা পায়।

অনন্ত জলিল বললেন, ‘‘দেশের ভার্সিটিগুলোতে ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ গানটা দারুণ জনপ্রিয় ছিল। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গাইত, নাচ করত। দেশের সব কলেজের ছেলে-মেয়েদের কাছে গানটি মানে ছিল এক উন্মাদনা। জুবিন গার্গের কণ্ঠেই এই গান আমার জনপ্রিয়তাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল।” 

অনন্ত আরও বলেন, ‘‘সবাই জানেন অনন্ত জলিলের গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’। কিন্তু এর পেছনে যিনি ছিলেন সেই জুবিন গার্গ আজ আর নেই। আমি ব্যথিত, আমি ঠিক ভুল করতে পারছি না। যেখানে যেতাম, বিদেশেও, মানুষ আমাকে এই গান শোনাতে বলত কিংবা গানটির সঙ্গে নাচতে বলত। জুবিন গার্গের গাওয়া এই গানই আমাকে সত্যিকারের ফেমাস করেছে।’’