মাত্র ২৫ বছরেই থেমে গেল ‘জামতারা ২’খ্যাত মারাঠি অভিনেতা সচিন চন্দওয়াড়ের জীবন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন ভক্তরা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কোনো অসুস্থতা নয়, আত্মহননের পথ বেছে নেন এই অভিনেতা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাড়ির লোকজন সচিনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে পাশের গ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই মৃত্যু হয় অভিনেতার। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অভিনেতার পাশাপাশি সচিন ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার। পুনের একটি আইটি পার্কে চাকরি করতেন তিনি।
তবে কী কারণে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন, তা এখনও অজানা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল সচিনের। সেই স্বপ্ন বাস্তবেও সত্যি হয়ে ধরা দেয়। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জামতারা ২’ তাঁকে অভিনেতা হিসেবে পরিচিতি এনে দেয়। শিগগিরই একটি মারাঠি চলচ্চিত্রেও তাঁর অভিনয়ের কথা ছিল। সেই তথ্য ও ছবি নিজেই সামাজিকমাধ্যমে শেয়ার করেছিলেন। কিন্তু এর আগেই সব শেষ!