ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গ গত ১৯ সেপ্টেম্বর ৫২ বছর বয়সে মারা যান। হঠাৎ এই প্রিয় শিল্পীর চলে যাওয়া এখনো মানতে পারছেন না তার কোটি ভক্ত-অনুরাগী। তবে মৃত্যুর পরও যেন থেমে থাকেননি জুবিন। তার অভিনীত শেষ সিনেমা ‘রই রই বিনালে’ এখন বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে।
রাজেশ ভূঁইয়া পরিচালিত আসামীয় ভাষার এই সিনেমাটি মুক্তি পায় ৩১ অক্টোবর। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে উপচে পড়া দর্শক, আর টিকিট বিক্রিতে রীতিমতো ঝড়!
স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ১.৮৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ২ কোটি, তৃতীয় দিনে ১.৮ কোটি, চতুর্থ ও পঞ্চম দিনে ১.৫ কোটি করে রুপি।
এরপরও গতি কমেনি—ষষ্ঠ দিনে ১.৫ কোটি, সপ্তম দিনে ১.৩৩ কোটি, অষ্টম দিনে ১.০৬ কোটি, নবম দিনে ১.৩৯ কোটি এবং দশম দিনে ১.৫৪ কোটি রুপি আয় করে সিনেমাটি।
মোট ১০ দিনে ভারতে আয় করেছে ১৫.৪৭ কোটি রুপি, আর বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১৭.৯৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি ৬৭ লাখ টাকা।
৫ কোটি রুপি বাজেটের এই সিনেমার বিশেষত্ব হলো—প্রায় ৮০-৯০ শতাংশ সংলাপ ও গানেই জুবিনের নিজের কণ্ঠ ব্যবহার করা হয়েছে, যা ল্যাপেল মাইকে রেকর্ড করা হয়েছিল। ফলে দর্শকরা আবারও প্রেক্ষাগৃহে শুনতে পারছেন সেই অপরূপ কণ্ঠস্বর।
সিনেমাটির প্রধান চরিত্রে আছেন জুবিন গার্গ, মৌসুমী আলিফা, জয় কাশ্যপ ও জয়শ্রী ভূঁইয়া। প্রযোজনা করেছেন জুবিন গার্গ নিজে ও তার স্ত্রী গরিমা গার্গ।