বাসা থেকে জনপ্রিয় মালয়ালম অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অকালেই না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা অখিল বিশ্বনাথ। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। গত ১১ ডিসেম্বর কেরালার বাসভবন থেকে অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অখিলের মা গীতা যখন কাজের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখন ঘরের ভেতর সন্তানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চোলা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অখিল। পরিচালক স্যানাল কুমার শশীধরন নির্মিত এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন তিনি। ছবিটি কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস জিতেছিল।

অখিল তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। অভিনয় করেছিলেন ‘মাঙ্গান্ডি’ সিনেমায়। পর্দায় তাঁর সঙ্গে তাঁর ভাইও অভিনয় করেছিলেন। কেরালা রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার দেওয়া হয়েছিল দুই ভাইকে।

এদিকে, অখিল বিশ্বনাথের মৃত্যুর সঠিক কারণ এখনও সামনে আসেনি। তবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যাই করেছেন। কেন এমন চরম পদক্ষেপ, সে বিষয়ে কোনো কারণ জানা যায়নি।

জানা যায়, কয়েক মাস ধরে হাতে তেমন কাজ ছিল না অখিলের। ফলে একটি মোবাইলের দোকানে কাজ নিয়েছিলেন। কোনো এক কারণে সেই দোকানেও আর যাচ্ছিলেন না তিনি। 

এ ছাড়া মাত্র তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন অখিলের বাবা চুঙ্কাল চেঞ্চেরিভল্লাপ্পিল। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।