২২ বছর বয়সে অস্বাভাবিক মৃত্যু ভারতের জনপ্রিয় অভিনেত্রীর

ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনে নিজ বাসা থেকে ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করা হয়। মাত্র ২২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ জুন নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সঞ্চিতা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে ভাসাই-ভিরার পৌরসভার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ একটি ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিনেত্রীর বাবা মাছিদ্র উগালের অভিযোগের ভিত্তিতে ১৫ জুন আচোলি পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সঞ্চিতা উগাল। ছবি: সংগৃহীতছোট পর্দার জনপ্রিয় মুখ সঞ্চিতা উগালে জি টিভির আলোচিত ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এছাড়া ‘সাজন ঘর’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন সঞ্চিতা। তাকে দেখা গেছে মনোজ বাজপেয়ী অভিনীত ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’ এবং ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমায়।