কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত একটি মিছিলে অংশ নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক ও সাধারণ মানুষের পাশাপাশি বাংলা চলচ্চিত্র ও সংগীতজগতের বেশ কয়েকজন তারকাও অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন জয়া আহসানও।
মিছিলে শুধু উপস্থিত থাকেননি জয়া। অন্যদের সঙ্গে স্লোগান দেওয়ার পাশাপাশি সমবেত কণ্ঠে গানও গেয়েছেন তিনি। অভিনেত্রীর সঙ্গে মিছিলে দেখা গেছে ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেককে।
মিছিল চলাকালে সমবেত কণ্ঠে কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানেও কণ্ঠ মেলান তারা। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা।
তবে এই আলোচনা কেবল প্রশংসায় সীমাবদ্ধ থাকেনি। জয়া আহসান বাংলাদেশের নাগরিক হওয়ায় কলকাতার এমন একটি কর্মসূচিতে তার অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর এই উপস্থিতি নিয়ে চলছে নানা ধরনের মন্তব্য ও সমালোচনা।
অন্যদিকে অনেকে বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তাদের মতে, নারীদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ একটি দাবিতে একজন শিল্পীর রাজপথে দাঁড়িয়ে আওয়াজ তোলা ইতিবাচক। তাদের বক্তব্য, কর্মসূচিটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে নয়; কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য আরও নিরাপদ করার দাবিতেই এর আয়োজন করা হয়েছে।
ফলে রাজনৈতিক পরিচয়ের চেয়ে নারীদের নিরাপত্তার দাবিকেই সামনে রাখছেন অনেকে। সেই জায়গা থেকেই মিছিলে জয়া আহসানের অংশগ্রহণকে দেখছেন তারা।
তবে এ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশংসা কিংবা সমালোচনা—কোনোটিরই প্রতিক্রিয়া জানাননি এই অভিনেত্রী।
এদিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া। সম্প্রতি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। মুক্তির পর ছবিটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।