আন্তর্জাতিক সিনেমার তারকাখচিত আয়োজন, ফিলিস্তিনের ইতিহাস ও গাজার মানবিক সংকটের গল্প, আবার কাতারের স্থানীয় নির্মাতাদের নতুন ভাবনা—সব মিলিয়ে শুরু হতে যাচ্ছে দোহা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। আগামী ১৯ নভেম্বর কাতারের রাজধানী দোহায় শুরু হবে নয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে থাকছে ইয়েমেনি-স্কটিশ নির্মাতা সারা ইসহাকের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য স্টেশন’ (আল মাহাত্তা)।
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে নারীদের পরিচালিত একটি পেট্রলপাম্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। সংঘাতের মধ্যেও সেখানে জ্বালানি নিতে আসা নারীদের কথোপকথন, পারস্পরিক সম্পর্ক ও সাময়িক স্বস্তির মুহূর্ত উঠে এসেছে গল্পে। কান চলচ্চিত্র উৎসবের ক্রিটিকস উইকে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত সিনেমাটির মাধ্যমে মধ্যপ্রাচ্যের নারী ও যুদ্ধের বাস্তবতা নতুন করে সামনে আসবে।
এবারের উৎসবে চারটি প্রধান প্রতিযোগিতা বিভাগ থাকছে—আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য, আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য, আজিয়াল এবং ‘মেড ইন কাতার’। শেষের বিভাগটিতে নির্বাচিত হয়েছে আটটি সিনেমা। ব্যক্তিগত সংকট, পারিবারিক সম্পর্ক, সাংস্কৃতিক স্মৃতি, অতিপ্রাকৃত ঘটনা ও কল্পনার জগৎ নিয়ে নির্মিত এসব চলচ্চিত্র কাতারের স্থানীয় নির্মাতাদের সৃজনশীলতা তুলে ধরবে। বিভাগটির বিচারক প্যানেলে রয়েছেন কাতারের নির্মাতা আল জোহারা আল থানি, লেবাননের অভিনেত্রী ও নির্মাতা ইউমনা মারওয়ান এবং ফিলিস্তিনি-বেলজিয়ান নির্মাতা ও প্রযোজক নাঈল খলেইফি।
আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে আলোচনায় রয়েছে চারটি সিনেমা—‘ইন কনভারসেশন উইথ দ্য সি’, ‘আ গার্ল আননোন’, ‘ইন বারদি’ ও ‘থার্টিন ইন গাজা’। ফিলিস্তিনি নির্মাতা মুয়ায়াদ আলায়ানের ‘ইন কনভারসেশন উইথ দ্য সি’ জেরুজালেমের এক বাবার ছেলেকে ঘিরে সত্য অনুসন্ধানের গল্প। চীনা নির্মাতা জৌ জিংয়ের ‘আ গার্ল আননোন’ নব্বইয়ের দশকের চীনে জন্মের পর পরিত্যক্ত এক মেয়ের তিনটি পরিবার ও তিনটি নামের মধ্যে বেড়ে ওঠার কাহিনি। মরক্কোর নির্মাতা তালা হাদিদের ‘ইন বারদি’তে উঠে এসেছে দেশটির কৃষক ও শ্রমজীবী মানুষের জীবন এবং ঐতিহ্যবাহী অশ্বারোহী সংস্কৃতি। অন্যদিকে, ফিলিস্তিনি নির্মাতা হোসাম আবু দানের ‘থার্টিন ইন গাজা’ যুদ্ধবিধ্বস্ত গাজার বাস্তুচ্যুত শিবিরে বেড়ে ওঠা ১৩ বছর বয়সী এক কিশোরীর জীবনসংগ্রাম তুলে ধরে।
উৎসবের গালা ও বিশেষ প্রদর্শনীতেও থাকছে আলোচিত সব সিনেমা। এর মধ্যে রয়েছে জেমস গ্রের থ্রিলার ‘পেপার টাইগার’, লেবাননের দুই বোনের দুঃসাহসিক অভিযান নিয়ে রামি কোদেইহের ‘ফিউরিস’ এবং ফিলিস্তিনি-আমেরিকান বুদ্ধিজীবী এডওয়ার্ড সাঈদের জীবন ও উত্তরাধিকার নিয়ে প্রামাণ্যচিত্র ‘এডওয়ার্ড সাঈদ: বিটুইন ওয়ার্ল্ডস’। গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যে চিকিৎসাসেবায় নিয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী চিকিৎসকদের অভিজ্ঞতা তুলে ধরবে ‘লাইফ সাপোর্ট’।