দোহা ফিল্ম ফেস্টে সম্মাননা পাচ্ছেন নন্দিতা দাস ও তাইম হাসান

দোহা চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসরে বিশেষ সম্মাননা পাচ্ছেন ভারতের অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস এবং সিরিয়ার জনপ্রিয় অভিনেতা তাইম হাসান। চলচ্চিত্র ও অভিনয়শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের দেওয়া হবে ‘ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ নন্দিতা দাস অভিনয় করেছেন ৪০টির বেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। দীপা মেহতার আলোচিত সিনেমা ‘ফায়ার’ দিয়ে তাঁর চলচ্চিত্রযাত্রা শুরু। এরপর মৃণাল সেন, শ্যাম বেনেগাল, আদুর গোপালকৃষ্ণন, ঋতুপর্ণ ঘোষ ও মণি রত্নমের মতো খ্যাতিমান নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত নন্দিতা। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরাক’ ২০০৮ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২০০২ সালে ভারতের গুজরাটে সাম্প্রদায়িক সহিংসতার পরবর্তী পরিস্থিতি নিয়ে নির্মিত সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে পুরস্কৃত হয়। ২০০৫ ও ২০১৩ সালে কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

অন্যদিকে, সিরিয়ার জনপ্রিয় অভিনেতা তাইম হাসান ঐতিহাসিক টেলিভিশন ধারাবাহিক ‘আল-জির সালেম’ ও ‘সালাদিন’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। তবে আরববিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ‘আল হায়বা’ ধারাবাহিকের মাধ্যমে। পাঁচ মৌসুমের এই সিরিজে সিরিয়া ও লেবানন সীমান্তে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত একটি পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। নেটফ্লিক্সের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছেও পৌঁছে যায় সিরিজটি।

সাম্প্রতিক সময়ে ‘তাজ’ (২০২৪), রাজনৈতিক নাটক ‘আন্ডার দ্য সেভেন্থ গ্রাউন্ড’ (২০২৫) এবং থ্রিলার সিরিজ ‘মাওলানা’ (২০২৬)-এ অভিনয় করেছেন তাইম হাসান।

দুই শিল্পীকে সম্মাননা দেওয়ার বিষয়ে দোহা ফিল্ম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ও উৎসবপ্রধান ফাতমা হাসান আলরেমাইহি বলেন, চলচ্চিত্র ভৌগোলিক সীমানা অতিক্রম করে, প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায় এবং মানুষকে মানবিক বন্ধনে আরও কাছাকাছি নিয়ে আসে। নন্দিতা দাস ও তাইম হাসান এই শক্তির অনন্য প্রতিনিধি। তাঁদের শিল্পসত্তা, সাহসী অভিব্যক্তি ও সত্যনিষ্ঠ গল্প বলার অঙ্গীকার ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমানা ছাড়িয়ে দর্শকদের অনুপ্রাণিত করে।

এবারের দোহা চলচ্চিত্র উৎসব শুরু হবে ইয়েমেনি-স্কটিশ নির্মাতা সারা ইসহাকের ‘দ্য স্টেশন’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়ে। ইয়েমেনের গৃহযুদ্ধের প্রভাব নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

কাতারের রাজধানী দোহায় আগামী ১৯ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে উৎসবের দ্বিতীয় আসর।