৬০ দেশের ১০৪ সিনেমা নিয়ে শুরু হলো দোহা ফিল্ম ফেস্ট

 বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায় পরিণত হচ্ছে কাতারের রাজধানী দোহা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরু হয়েছে দোহা চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসর। দোহা ফিল্ম ইনস্টিটিউট আয়োজিত নয় দিনব্যাপী এই উৎসব চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

 

এবারের উৎসবে প্রদর্শিত হবে ৬০টি দেশের ১০৪টি চলচ্চিত্র। এর মধ্যে ১৭টি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং ৪৮টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক চলচ্চিত্রের পাশাপাশি আরব বিশ্বের নির্মাতাদের কাজও বিশেষ গুরুত্ব পাচ্ছে এবারের আয়োজনে।

 

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ইয়েমেনি-ব্রিটিশ নির্মাতা সারা ইসহাকের ‘দ্য স্টেশন’ (আল মাহাত্তাহ)। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের নারীদের জীবনসংগ্রাম, পারস্পরিক সংহতি ও টিকে থাকার গল্প উঠে এসেছে সিনেমাটিতে। একটি নারীদের জন্য নির্ধারিত পেট্রল স্টেশনকে কেন্দ্র করে এগিয়েছে এর কাহিনি।

 

এবারের উৎসবের অন্যতম আকর্ষণ ভারতীয় অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস এবং সিরিয়ার জনপ্রিয় অভিনেতা তাইম হাসান। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের ‘ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

 

উৎসবে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য তারকাদের মধ্যে রয়েছেন ভারতীয় অভিনেতা আদিল হুসেইন, নেহা ধুপিয়া, মার্কিন নির্মাতা জেমস গ্রে, জাপানি নির্মাতা নাওমি কাওয়াসে, ইতালীয় নির্মাতা জিয়ানফ্রাঙ্কো রোসি এবং ব্রিটিশ অভিনেতা জিম কার্টারসহ অনেকে।

 

এবারের উৎসবে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, কাতারে নির্মিত চলচ্চিত্র ও তরুণদের জন্য আজিয়াল প্রতিযোগিতাসহ বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের মোট অর্থমূল্য তিন লাখ মার্কিন ডলারের বেশি। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের চলচ্চিত্রকে গুরুত্ব দিতে যুক্ত হয়েছে ‘সিনেমা আল খালিজ’ কর্মসূচি।

 

উৎসব পরিচালক ও দোহা ফিল্ম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ফাতমা হাসান আল রেমাইহি জানিয়েছেন, চলচ্চিত্র ভৌগোলিক সীমানা অতিক্রম করে মানুষের মধ্যে সংযোগ তৈরি করে। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সাহসী ও ব্যতিক্রমী গল্প তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে দোহা চলচ্চিত্র উৎসব।

 

চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকছে নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে আলোচনা, বিশেষ সেশন, সংগীতানুষ্ঠান এবং তরুণ নির্মাতাদের জন্য নানা আয়োজন। কাতারা কালচারাল ভিলেজ, মুশাইরিব ডাউনটাউন দোহা এবং মিউজিয়াম অব ইসলামিক আর্টসহ দোহার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে উৎসবের কার্যক্রম।