প্রশংসিত সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’র সাফল্যের পর আবারও জুটি বাঁধছে নেটফ্লিক্স ইন্ডিয়া ও যশ রাজ এন্টারটেইনমেন্ট (ওয়াইআরএফ)। তাদের নতুন ডিজাস্টার থ্রিলার সিরিজ ‘টানেল ম্যান’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করবেন টাবু ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। এই সিরিজের মাধ্যমেই প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে তাঁদের। এর আগে, ২০১৯ সালে ‘থ্রিলার ফ্যাক্টরি’ নামের একটি অডিও সিরিজে একসঙ্গে কাজ করলেও পর্দায় তাঁদের একসঙ্গে দেখা যায়নি।
২০২৩ সালের নভেম্বরে ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মাণাধীন একটি টানেল ধসে মাটির প্রায় ৬০ মিটার নিচে আটকা পড়েন ৪১ জন নির্মাণশ্রমিক। পরে দেশি-বিদেশি প্রকৌশলী ও উদ্ধারকারী দলের প্রচেষ্টায় টানা ১৭ দিনের রুদ্ধশ্বাস অভিযানের পর একটি সরু পথ তৈরি করে তাঁদের জীবিত উদ্ধার করা হয়। ভারতের অন্যতম কঠিন ও সফল সেই উদ্ধার অভিযানের বাস্তব ঘটনা অবলম্বনেই নির্মিত হচ্ছে টানেল ম্যান। এতে সেই কঠিন পরিস্থিতির পাশাপাশি নেপথ্যের অকুতোভয় উদ্ধারকর্মীদের বীরত্বগাথা তুলে ধরা হবে।
‘দ্য রেলওয়ে ম্যান’র নির্মাতা শিব রাওয়াইল থাকছেন এই সিরিজের শোরানার হিসেবে। আর পরিচালনার দায়িত্বে থাকছেন ‘ব্ল্যাক ওয়ারেন্ট’খ্যাত অম্বিকা পণ্ডিত ও ‘মন্ডলা মার্ডারস’র মনন রাওয়াত। বর্তমানে সিরিজটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির শুরুতে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
‘ভূত বাংলা’ ও ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’র বক্স অফিস সাফল্যের পর ‘টানেল ম্যান’ হতে যাচ্ছে টাবুর প্রথম হিন্দি অরিজিনাল সিরিজ। এর আগে তিনি ‘আ সুইটেবল বয়’ ও ‘ডিউন: প্রফেসি’ সিরিজে অভিনয় করেছেন।
অন্যদিকে, ‘সেক্রেড গেমস’-এ অভিনয়ের দীর্ঘ বিরতির পর টানেল ম্যান’র মাধ্যমে নেটফ্লিক্স সিরিজে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। আগামী ১১ ডিসেম্বর জিও-হটস্টারের মুক্তি পেতে যাওয়া ‘ডক্টর হাসান’ সিরিজেও দেখা যাবে তাঁকে।
‘দ্য রোমান্টিকস’, ‘মহারাজ’, ‘বিজয় ৬৯’, ‘মন্ডলা মার্ডারস’ এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘আক্কা’র পর নতুন সিরিজিটি হতে যাচ্ছে নেটফ্লিক্স ও যশ রাজ এন্টারটেইনমেন্টের আরেকটি অন্যতম যৌথ প্রযোজনা।
সূত্র: নেটফ্লিক্স


অপূর্ব-সাদিয়ার ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’
