মা হয়েও ‘মিস ইউনিভার্স’ জয়, কে এই সুন্দরী?

‘মিস ইউনিভার্স ২০২৬’র জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর সুন্দরী জেনিফার ব্যারেটো। ৭৫তম এই আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের প্রতিযোগী মেলিসা নুনেজ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েৎজ। এছাড়া চূড়ান্ত পর্বে চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছেন যথাক্রমে ফিলিপাইন ও নিউজিল্যান্ডের সুন্দরী।

মিস ইউনিভার্সের অফিশিয়াল পেজে প্রকাশিত এক ভিডিওবার্তার ক্যাপশনে নতুন বিজয়ীকে অভিনন্দন জানিয়ে লেখা হয়েছে, ‘নতুন রানী, নতুন যুগ! পুয়ের্তো রিকোর ঘরে মুকুট ফিরিয়ে আনা আমাদের নতুন মিস ইউনিভার্স জেনিফার ব্যারেটোকে অভিনন্দন!’

কে এই জেনিফার ব্যারেটো?
২৭ বছর বয়সী জেনিফার ব্যারেটো বিবাহিত। পেনেলোপ নামে তাঁর ৭ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। বিবাহিত ও ‘মা’ হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতে তিনি ইতিহাস গড়লেন।

জেনিফার ব্যারেটো। ছবি: সংগৃহীত

শিক্ষাজীবনে ব্যারেটো দুটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন—একটি মনোবিজ্ঞান, অন্যটি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক। নিজের এই একাডেমিক জ্ঞানকে তিনি মানুষের কল্যাণ ও সামাজিক সুরক্ষামূলক কাজে লাগিয়েছেন।

বিনোদন সাময়িকী ‘হোলা’র তথ্যমতে, ব্যারেটো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সেনা বিভাগে একজন ‘প্রিভেনশন স্পেশালিস্ট’ হিসেবে কর্মরত রয়েছেন। সমাজের ক্ষতিকর প্রবণতা রোধ এবং সুস্থ ও নিরাপদ কমিউনিটি গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করাই তাঁর মূল দায়িত্ব।

পেশাগত ব্যস্ততার বাইরে বই পড়তে এবং ভলিবল খেলতে ভালোবাসেন এই সুন্দরী। পাশাপাশি তিনি পুয়ের্তো রিকোর বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন।

এছাড়া ‘পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব পুয়ের্তো রিকো’র একজন স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করছেন ব্যারেটো। সেখানে ডায়াবেটিসে আক্রান্ত শিশু ও তাদের পরিবারকে সহায়তা প্রদানের পাশাপাশি এ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে তাঁর অবদান রয়েছে।

সুন্দরী প্রতিযোগিতাকে ব্যারেটো শুধু নিজের ক্যারিয়ারের একটি সিঁড়ি হিসেবে দেখেননি, বরং এটিকে তাঁর সামাজিক ও মানবিক কাজগুলোকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করছেন। ‘মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো’ প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই ছিল তাঁর মূল লক্ষ্য।

প্রসঙ্গত, মিস ইউনিভার্সের এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। তবে গ্র্যান্ড ফিনালেতে দর্শক ভোটে পিছিয়ে পড়ায় সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি তিনি।