শুরু হলো অস্কার তথা একাডেমি অ্যাওয়ার্ডসের আনুষ্ঠানিক দৌড়। আগামী আসরের ডকুমেন্টারি, আন্তর্জাতিক ও অ্যানিমেটেড ফিচার বিভাগের প্রাথমিক যোগ্য চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
এর মধ্যে দুটি বিভাগ নতুন রেকর্ড গড়েছে। সেরা অ্যানিমেটেড ফিচার বিভাগে এবার প্রতিদ্বন্দ্বিতা করবে ৩৮টি চলচ্চিত্র, যা অস্কারের ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে, সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ১০৪টি চলচ্চিত্র বিবেচিত হওয়ার যোগ্য বলে নির্বাচিত হয়েছে, যা কিনা এই বিভাগেও নতুন রেকর্ড! পাশাপাশি ডকুমেন্টারি ফিচার বিভাগের দৌড়ে রয়েছে ১৯০টি চলচ্চিত্র।
অ্যানিমেটেড ফিচার বিভাগে জায়গা করে নিয়েছে ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’, ‘কোয়োট ভার্সেস অ্যাকমি’, ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’ ও ‘শন দ্য শিপ: দ্য বিস্ট অব মসি বটম’র মতো জনপ্রিয় সব চলচ্চিত্র। তালিকায় আরও রয়েছে ‘ওয়াইল্ডউড’ ও ‘ট্যাঙ্গলস’। এছাড়া ‘অল ইউ নিড ইজ কিল’, ‘মোবাইল স্যুট গান্ডাম হ্যাথাওয়ে: দ্য সোরসারি অব নিম্ফ সার্সি’, ‘আই অ্যাম ফ্র্যাঙ্কেনস্টাইন’, ‘ডেকোরাডো’ ও ‘কসমিক প্রিন্সেস কাগুইয়া’র মতো অ্যানিমেটেড চলচ্চিত্রগুলোও প্রাথমিক দৌড়ে রয়েছে।
ডকুমেন্টারি বিভাগের চলচ্চিত্রগুলো সংগীত, শিল্পকলা, খেলাধুলা, বাস্তব অপরাধ (ট্রু ক্রাইম) ও রাজনীতির মতো বৈচিত্র্যময় বিষয়ে নির্মিত। এরমধ্যে আলোচনার শীর্ষে রয়েছে ‘ইউ ক্যান সি এভরিথিং’, যা বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘নাইফ: দ্য অ্যাটেম্পটেড মার্ডার অব সালমান রুশদি’, ‘মার্ক বাই সোফিয়া’, ‘আস্ক ই জিন’, ‘অ্যাভেডন’, ‘লর্ন’, ‘দ্য এআই ডক: অর হাউ আই বিকেম অ্যান অ্যাপোক্যালঅপটিমিস্ট’, ‘মাস্ক’, ‘এপিক: এলভিস প্রিসলি ইন কনসার্ট’, ‘ম্যান অন দ্য রান’, ‘বিলি প্রেস্টন: দ্যাটস দ্য ওয়ে গড প্ল্যানড ইট’, ‘দ্য ট্রায়াল অব অ্যালেক বল্ডউইন’, ‘মাই আনডিজায়ারেবল ফ্রেন্ডস: পার্ট ২ এক্সাইল’ ও ‘ফ্রি লিওনার্ড পেল্টিয়ার’।
আন্তর্জাতিক ফিচার বিভাগে এগিয়ে থাকা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ইয়েলো লেটারস’, ‘শেম অ্যান্ড মানি’, ‘আং’ ও ‘মিডডে মিল’। এছাড়া ভারতের ‘গোন্ধাল’ চলচ্চিত্রটিও এই বিভাগে বিবেচিত হওয়ার যোগ্যতা অর্জন করেছে।
একাডেমি জানিয়েছে, পরবর্তী ধাপে যাওয়ার আগে কিছু চলচ্চিত্রকে এখনও প্রেক্ষাগৃহে প্রদর্শনের বাধ্যবাধকতা এবং বিভাগের অন্যান্য নিয়ম পূরণ করতে হবে।
অ্যানিমেশন বিভাগের সদস্যরা সাধারণত পাঁচজন মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পান। অন্যান্য বিভাগের সদস্যরাও এতে অংশ নিতে পারেন, তবে সেক্ষেত্রে ন্যূনতম নির্ধারিত সংখ্যক চলচ্চিত্র দেখার শর্তপূরণ করতে হবে। অ্যানিমেটেড চলচ্চিত্রগুলো সেরা সিনেমাসহ অন্যান্য বিভাগেও প্রতিযোগিতা করতে পারে এবং কোনো দেশের আনুষ্ঠানিক আন্তর্জাতিক ফিচার এন্ট্রিও অ্যানিমেটেড ফিচার হিসেবে বিবেচিত হতে পারে।
প্রসঙ্গত, আগামী বছরের ১৪ মার্চ আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর।
সূত্র: ভ্যারাইটি


'গাজার ধ্বংসযজ্ঞের সিনেমার ভিডিও আদালতের প্রমাণ হতে পারে'
