‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’—এই স্লোগানে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০২৩।বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উৎসব চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার (৪ সেপ্টেম্বর) ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উৎসবটি আয়োজন করছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল ও প্রতিষ্ঠাতা বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, উৎসব কর্মকর্তা মুঈদ হাসান তড়িৎ।
এর আগে এ উৎসব হতো ৭ দিনব্যাপি। কিন্তু এবার ছোট পরিসরে হচ্ছে এ আয়োজন। নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, 'অর্থনৈতিক সংকট ও স্পন্সর না পাওয়ার কারণে আমরা এবারের উৎসবটি ছোট পরিসরে করছি। মূলত এবারের অনুষ্ঠানটি হচ্ছে নিজ নিজ উদ্যোগে।'
ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমরা খুবই দুঃখিত যে এত সুন্দর অনুষ্ঠানটা অর্থনৈতিক কারণে সংক্ষিপ্ত করতে হচ্ছে। তারপরও আমি অভিনন্দন জানাই আমার সোসাইটির তরুণ সদস্যদের। তাদের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।’
জানা যায়, ৩৯টি দেশের ১০১টি শিশুতোষ চলচ্চিত্র ২টি ভেন্যুতে প্রদর্শিত হবে। দুটি ভেন্যুর মধ্যে একটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রাশালা, আরেকটি আলিয়ঁস ফ্রঁসেজ। প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। প্রতিবছরের ন্যায় এবারও উৎসবের সব প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত। সিনেমা দেখার জন্য কোনো ধরনের প্রবেশমূল্য নেই।
উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায় মোট ৩টি চলচ্চিত্র প্রদর্শনী হবে।