রাফীর নারীকেন্দ্রিক গল্পে পরী মণি

গত বছর পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরী মণি। এরপর থেকেই মাতৃত্বকালীন ছুটিতে তিনি। তবে সিনেমার বদলে ব্যক্তিগত বিষয়ে ক'দিন পরপরই আলোচনায় এসেছেন। এবার আর তা নয়, বিরতি কাটিয়ে ওয়েব ফিল্মের শুটিংয়ে ফিরছেন জনপ্রিয় এই নায়িকা। পরিচালনা করছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। গত ঈদেও ‘সুড়ঙ্গ’ ছবি দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।

জানা গেছে, পরী মণিকে নিয়ে নির্মিতব্য নতুন ফিল্মের নামটি এখনো চূড়ান্ত নয়। তবে ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে প্রচার মাধ্যম। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে স্ট্রিমিং হবে এটির। অন্যদিকে চলছে ওয়েব ফিল্মটির প্রস্তুতি পর্বও। কারণ, দীর্ঘদিন পর নতুন কাজের শুটিংয়ে ফিরছেন পরী মণি। তাই তিনি মহড়ায় অংশ নিয়েছেন বলে গণামাধ্যমকে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী।

জানা যায়, ব্যতিক্রমী কোনোকিছু দিয়ে চিরচেনা আঙিনায় ফেরার জন্য উদ্গ্রীব ছিলেন পরী মণি। একাধিক পরিচালকও চেয়েছিলেন আলোচিত এই নায়িকার ফেরার কাজটি তাঁদের মাধ্যমে হোক। অবশেষে রাফীর সিনেমা দিয়ে সেই বিরতি ভাঙছে। নারীকেন্দ্রিক গল্পে নির্মিতব্য সিনেমাটি নিয়ে আনন্দিত পরী মণিও।

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে রাফি বললেন, ‘গল্পটা যখন লিখছিলাম, তখনই পরী মণির কথা আমার মাথায় ছিল। এরপর একদিন তাঁকে গল্পটা শোনালাম। সেও বোঝার চেষ্টা করল এবং এই গল্পের সঙ্গে থাকার চেষ্টা করল। তারপর থেকে তো অনেক দিন যাবৎ পরী মণি এই গল্পে রিহার্সলও করছে, গল্পটা আত্মস্থ করার চেষ্টা করছে। কাজের প্রতি ওর আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমার তো এখন সবকিছু মিলিয়ে ভালো কিছু হবে বলে মনে হচ্ছে।’
এই নির্মাতা আরও বলেন, ‘আমি যে রকম গল্প নিয়ে কাজ করি, এটা তেমনই। পরিবার ও সম্পর্কের গল্প। গল্পটা নিয়ে এর বেশি আর বিস্তারিত বলতে চাই না। এটা চমকই থাকুক। ছবিটি মুক্তির পরই সবাই জানুক।’

রায়হান রাফী। ছবি: ফেসবুক/রায়হান রাফীরায়হান রাফীর পরিচালনায় এটিই হতে যাচ্ছে পরী মণির প্রথম কাজ। এর আগে ‘অক্সিজেন’ নামের একটি ওয়েব ফিল্মের বিষয়ে কথা হলেও পরে আর তা হয়ে ওঠেনি। তখন ওই ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন মাহিয়া মাহি। নির্মাতা রাফি বললেন, ‘অবশেষে আমাদের প্রথম কাজ হতে যাচ্ছে। আমার গল্পের যে পরিকল্পনা, এটা হয়তো পরীর ক্যারিয়ারে আরেকটা ভালো কাজ হয়ে থাকবে।’

জানা গেছে, পরী মণির বিপরীতে কে থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে জানতে পারবেন দর্শকরা। আর সিনেমাটির শুটিং শুরু আগামী ২৩ সেপ্টেম্বর। ঢাকার বিভিন্ন লোকেশনে হবে এর দৃশ্যধারণ।