অনিল কাপুর-শেহনাজ গিলদের অনুষ্ঠানে আমন্ত্রিত আরিফিন শুভ

বলিউডের নামী-দামি তারকাদের সঙ্গে একই মঞ্চে এবার দেখা গেল অভিনেতা আরিফিন শুভকে। ঘটনার শুভক্ষণটি ছিল ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। একই আয়োজনে হাজির হন অনিল কাপুর, শেহনাজ গিল, ভূমি পেডনেকারের মতো বলিউড তারকারা। বলিউড সিনেমা ‘থ্যাংক ইউ ফর কামিং’র উদ্বোধনী প্রদর্শনী হয়েছে এবারের আসরে। সেই আয়োজনে সিনেমাটির কলাকুশলীদের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছিল বিভিন্ন দেশের তারকাদের। সেখানে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন আরিফিন শুভ।

এই প্রসঙ্গে কথা হলে আরিফিন শুভ বললেন, ‘উৎসব কর্তৃপক্ষ আমাকে এই আয়োজনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে ভালো লেগেছে।’

এ চিত্রনায়ক ‌‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র নিয়ে অংশ নিয়েছেন উৎসবটিতে। তিনি ছাড়াও সিনেমাটির শিল্পী হিসেবে বাংলাদেশ থেকে এ উৎসবে যোগ দিয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া।

‘থ্যাংক ইউ ফর কামিং’ মুক্তি পাবে আগামী ৬ অক্টোবর। করণ বুলানির পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাধিকা আনন্দ ও প্রশস্তি সিং। সিনেমাটিতে অভিনয় করেছেন ভূমি পেডনেকার, শেহনাজ গিল, ডলি সিং, কুশা কপিলা ও শিবানী বেদী। রিয়া কাপুর এবং একতা কাপুর প্রযোজিত এ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর।