শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের ১৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া এটিই সর্বোচ্চ হলে মুক্তির রেকর্ড। সিনেমাটির মুক্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
তিনি বললেন, ‘‘সিনেমাটি প্রদর্শনে হল মালিকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এর ফলেই আমরা ১৫৩টি সিনেমা হলে এটি মুক্তি দিচ্ছি। কোনও চাপ নেই, তাঁদের আগ্রহ থেকেই এই রেকর্ড সংখ্যক হলে মুক্তি পাচ্ছে ‘মুজিব’।’’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলাকুশলীরাও। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি সবাই চরিত্রটি ফুটিয়ে তুলতে। ১৩ অক্টোবর সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এরপর ভারতে মুক্তি পাবে এবং পরে সমগ্র বিশ্বে মুক্তি পাবে। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। এতে আরিফিন শুভ ছাড়াও শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা ফারদিন দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (বেগম খালেদা জিয়া) ও জায়েদ খান (টিক্কা খান)।