আজ (১৩ অক্টোবর) বহু প্রতীক্ষিত 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমা সারাদেশের ১৪৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়। যার একটি দেখেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
ছবিটি দেখে বেশ আপ্লুত হন এ তারকা। শো শেষে বের হওয়ার সময় কেঁদেও ফেলেন। নিজেকে সামলে অনুভূতি জানানোর চেষ্টা করেন ভাবনা। বলেন, ‘খুবই ভালো ছবি। আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। কথা বলতে পারছি না। সবার অভিনয় খুব ভালো। জাতির পিতাকে নিয়ে ছবি তাই খুব ইমোশনাল হয়ে পড়েছি। বিশেষ করে শেষটাতে ভয়ানক অনুভূতি হয়েছে।’
গতকাল সন্ধ্যায় আয়োজিত এ প্রিমিয়ার শো শেষে কথা বলেন তারকা থেকে সাধারণ কিছু দর্শক। যাদের পুরোটাই বেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। উপস্থিত হয়েছিলেন দেলওয়ার জাহান ঝন্টু, অঞ্জনা, সুব্রত, নাদের চৌধুরী, শাহনাজ খুশি, নিপুণ, আরিফিন শুভ, প্রার্থনা ফারদিন দীঘি, ইমরান মাহমুদুল, সৌম্য, দিব্যসহ অনেকে।
ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ ও সৌম্য, জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে কাজ করেছেন।