স্ত্রী জোবায়দা রব্বানী মিতার সঙ্গে অভিনেতা মিশা সওদাগরের রোমান্টিকতার নানা ঘটনা জানা অনেকেরই। ১০ বছর প্রেম করার পর ১৯৯৩ সালে মিতাকে বিয়ে করেন মিশা সওদাগর।
কিছুদিন আগেই দাম্পত্য জীবনের ৩০ বছর পার করেছেন তারা। সেদিন প্রিয় স্ত্রীকে নিয়ে এই অভিনেতা ফেসবুকে লিখেছিলেন দু’চার কথাও। কৃতজ্ঞতা জানিয়ে মিশা জানিয়েছেন, তাদের অতীতের কিছু কথা। আর এবার স্ত্রীর কাছে চাইলেন ক্ষমা। কারণ কী।
জানা যায়, গতকাল (১৭ ডিসেম্বর) ছিল মিশা সওদাগরের স্ত্রী মিতার জন্মদিন। বিশেষ এদিনটা একা একাই পার করেছেন স্ত্রী। শুধু তাই না, শুটিংয়ের চাপে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেও ভুলে গেলেন তিনি। আর সেকারণে স্ত্রীর কাছে ক্ষমাও চাইলেন সিনেমার জনপ্রিয় এই অভিনেতা। ফেসবুকে দিয়েছেন পোস্ট।
এরপর কলকাতা থেকে মুঠোফোনে মিশা সওদাগর বলেন, ‘‘আমি বর্তমানে কলকাতায় আছি। ‘কবি’ ছবির শুটিং করছি। আর মিতা আছে যুক্তরাষ্ট্রে। গতকাল ছিল ওর জন্মদিন। আমি আগামী ২৫ তারিখ যুক্তরাষ্ট্রে যাব। তাই আমার শুটিংগুলো নির্মাতা (হাসিবুর রেজা কল্লোল) আগেভাগে শেষ করছেন। শুটিংয়ের ব্যস্ততার কারণে মিতার জন্মদিনের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম।’’
তিনি আরও বলেন, ‘গতকাল দিন শেষে মিতা যখন মনে করিয়ে দিল, তখন নিজের কাছেই কেমন জানি লাগছিল। যদিও মিতা রাগ করে খুব বেশিক্ষণ থাকতে পারে না। সেও জানে এই ভুলটা আমার অনিচ্ছায় হয়েছে। তারপরও ভুলে যাওয়ার জন্য বউয়ের কাছে ক্ষমা চাইলাম।’