‘বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হবে’

আগামীকাল (৩ জানুয়ারি) নতুন বছরের প্রথম কাজ শুরু করতে যাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বিজ্ঞাপনের শুটিংয়ের মধ্যদিয়ে লাইট-ক্যামেরার সামনে দাঁড়াবেন এই অভিনেত্রী। কাজ করবেন একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে। 

আর এ বছরটা কর্মবর্ষ হিসেবেই দেখতে চান ‘আশিকী’খ্যাত এই তারকা। বললেন, ‘নতুন বছর ঘিরে অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছি। তবে এ বছর মূল ফোকাস থাকবে ক্যারিয়ারে। আমি যে ধরনের কাজ গতানুগতিক করি, তা থেকে বেরিয়ে আসতে চাই। ভক্ত-দর্শকদের আরও ভালো কিছু কাজ উপহার দিতে চাই। বলা যায়, ভিন্ন ধারার কাজ। যা দর্শকদের সঙ্গে নতুন এক ফারিয়ার পরিচয় করিয়ে দেবে।’

নুসরাত ফারিয়া। ছবি: ফারিয়া/ফেসবুক

এই চিত্রনায়িকা আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারি থেকে সিনেমার কাজ শুরু হবে। এর মধ্যে নতুন ও পুরনো (যেসব সিনেমার কাজ বাকি আছে) কাজ থাকবে। পাশাপাশি নতুন গান ঘিরেও বেশ কিছু পরিকল্পনা হাতে আছে।’

জানতে চাওয়া হয়েছিল তাঁর বিয়ে প্রসঙ্গও। কারণ গত বছরজুড়ে এই বিষয়েই প্রশ্নের মুখে পড়েছিলেন।

তাঁর ভাষ্য, ‘এ বছর অন্য কোনো দিকে তাকানোর সময় নেই। প্রেম, বিয়ে—এমন কোনো সম্পর্কেই জড়াতে চাই না। বিয়ের চিন্তা-ভাবনা করলেও সেটি আগামী বছর। আমি জানি, এ বছরও বিয়ে নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাই আগে থেকেই জানিয়ে দিলাম; চলতি বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই। ২০২৪ সালটি শুধুমাত্র কাজের মধ্যেই থাকতে চাই। এর বাইরে আর কিছুই না।

এদিকে, নুসরাত ফারিয়া অভিনীত ‘ফুটবল ৭১’ সিনেমার কাজ শেষ হয়েছে কিছুদিন আগেই। এটি নির্মাণ করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। সরকারি অনুদানের এই সিনেমায় ফারিয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন আরিফিন শুভ, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, শরিফ সিরাজ, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। বর্তমানে সিনেমাটি সম্পাদনার টেবিলে রয়েছে।