অবশেষে পূরণ হচ্ছে দীঘির স্বপ্ন

কালজয়ী ‘মনপুরা’ থেকে ‘স্বপ্নজাল’ কিংবা ‘গুণিন’, নির্মাণে গিয়াসউদ্দিন সেলিম নিজেকে অন্য স্থানে নিয়ে গেছেন। ছোটবেলা থেকেই এ জনপ্রিয় পরিচালকের ফ্রেমে ধরা দিতে চেয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। এবার সে স্বপ্ন পূরণ হচ্ছে। 

অভিনয় করতে যাচ্ছেন গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘গাঁইয়া’তে। এটি ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ’র নতুন আয়োজন ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ সিরিজের অংশ। গতকাল (৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তারা চুক্তিবদ্ধ হয়েছেন। 

সেলিম ও দীঘি। ছবি ফেসবুক থেকে নেওয়াদীঘি বললেন, ‘আমি কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গিয়াস উদ্দিন সেলিম স্যারের ছবিতে কাজ করব, এটা আমার জন্য বিশেষ পাওয়া।’

দীঘি বলেন, ‘‘এত দ্রুত সেলিম আংকেলের সঙ্গে কাজ করতে পারব তা ভাবিনি। আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ছোটবেলা থেকে তার নির্মাণ দেখে আসছি। ‘মনপুরা’ সিনেমাটা আমার খুব প্রিয়। সব সময় ভাবতাম, যদি সেলিম আংকেলের এমন একটা সিনেমা করতে পারতাম! এবার শুরুটা তো হলো। খুব শিগগির হয়তো তার আরো সিনেমায় সুযোগ পাব। এই ওয়েব ছবিটি বঙ্গর ‘লাভ স্টোরিজ’ সিরিজের। ভালোবাসা দিবসকে সামনে রেখে তারা বেশ কয়েকটি ভালোবাসার কনটেন্ট তৈরি করছে।’’

চুক্তি স্বাক্ষর করছেন দীঘি, সেলিম ও সুব্রত।ছবি ফেসবুক থেকে নেওয়া

‘গাঁইয়া’তে দীঘির বিপরীতে দেখা যাবে খায়রুল বাসারকে। ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।

উল্লেখ্য, এর আগে দীঘিকে দেখা গেছে বহুল আলোচিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বায়োপিকে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কিশোরী বেলার চরিত্রে অভিনয় করেছেন।