হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করে চিকিৎসক ফারুকীর ব্রেইন স্ট্রোকের কথা জানান। পরে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।
আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকীর অবস্থা স্থিতিশীল। আস্তে আস্তে সেরে উঠবেন বলে ডাক্তার আশা করছেন। ইন্টারভেনশন লাগবে না! দোয়া করবেন। কাল সন্ধ্যায় মাইল্ড স্ট্রোক হলে তিশা তাঁকে হাসপাতালে ভর্তি করান। আইসিইউতে আছেন। ভিজিটর ইজ নট অ্যালাউড।’
এদিকে, ফারুকীর সহকারী পরিচালক শুভ দাস ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন, আজ সকালে ফারুকীর এনজিওগ্রাম করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে।
প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকীর অসংখ্য নাটক-চলচ্চিত্রের চিত্রনাট্যকার আনিসুল হক। নির্মাতার ‘মেড ইন বাংলাদেশ’, ‘ব্যাচেলর’ ও ‘টেলিভিশন’ ছবির চিত্রনাট্য করেছেন তিনি। এ ছাড়া ফারুকী পরিচালিত নাটকের মধ্যে ‘করিমন বেওয়া’, ‘চড়ুইবাতি’, ‘৬৯’সহ অসংখ্য নাটক তাঁর লেখা।