বছর আটেক আগে মুক্তি পেয়েছিল চঞ্চল চৌধুরী অভিনীত জনপ্রিয় সিনেমা ‘আয়নাবাজি’। যেখানে আয়না চরিত্রটি তুমুল আলোচনার জন্ম দেয়। ছবিটি নিয়ে দক্ষিণ ভারতেও হয় রিমেক।
আলোচিত এ সিনেমা এবার আসছে অনলাইনে। ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে সিনেমাটি দেখা যাবে বলে নিশ্চিত করেছেন এর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও অভিনেতা চঞ্চল চৌধুরী।
হইচই বাংলাদেশ পেজ থেকেও এ খবর দেওয়া হয়েছে। তারা জানায়, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে হইচইয়ে দেখা যাবে এটি।
২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আয়নাবাজি’ ছবি। এরপর বাকিটা ইতিহাস। দারুণ জনপ্রিয় হওয়ার পাশাপাশি দেশে ও বিদেশে বিভিন্ন উৎসবে প্রশংসিত হয় ছবিটি। সিনেমাটিতে শরাফত করিম আয়না চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেন চঞ্চল চৌধুরী।
এতে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার পাশাপাশি ওই বছর ‘আয়নাবাজি’ বিভিন্ন ক্যাটাগরিতে আরও সাতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
মুক্তির আগে থেকেই দেশে ও বিদেশে আলোচিত চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় যুক্তরাষ্ট্রের সিয়াটলে, ইউরোপিয়ান প্রিমিয়ার হয় ম্যানহাইম-হাইডেলর্বাগে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।
‘আয়নাবাজি’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফুর রহমান জর্জ, বৃন্দাবন দাশ, গাউসুল আলম শাওন, জামিল হোসেন প্রমুখ।
সিনেমাটির কাহিনি লিখেছেন গাউসুল আলম শাওন এবং যৌথভাবে চিত্রনাট্য করেন গাউসুল আলম শাওন ও অনম বিশ্বাস।