আবারও হিমেল আশরাফের ক্যামেরায় ধরা দেবেন ঢালিউড কিং শাকিব খান। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’র পর নতুন সিনেমার প্রাথমিক ঘোষণা এলো আজ (৯ মার্চ)।
ছবি দুটির প্রযোজক আরশাদ আদনান জানান, তাঁরা তৃতীয় ছবির নির্মাণ করতে যাচ্ছেন। যেখানে প্রযোজকের ভূমিকায় থাকবেন তিনি। আর সিনেমাটি তৈরি হবে শাকিব খানকে কেন্দ্র করে।
এদিকে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে জানা যায়, নতুন ছবির কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। রোজার ভেতরে শাকিব খান কাজ করবেন ‘তুফান’-এ। যা পরিচালনা করছেন রায়হান রাফী। এরপরই আসবে হিমেলের এই সিনেমার ঘোষণা। আরো জানা যায়, চলতি বছরই এই চলচ্চিত্রের কাজটি হবে।
শাকিব খান বর্তমানে করছেন দরদ সিনেমার কাজ। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ছবির একটি দৃশ্যধারণ দুবাইয়ের বুর্জ খলিফাতে হবে। এ ছাড়া এর একটি গান ও কিছু দৃশ্যধারণ বাকি আছে।
অন্যদিকে, আমেরিকায় দৃশ্যধারণ হওয়া রাজকুমারের কাজ শেষ। আসছে ঈদে এটি মুক্তি পাবে।