শুভর নীলচক্রের শুটিং শেষ, মুক্তি কবে?

সিনেমাটির পোস্টার। ছবি ফেসবুক থেকে নেওয়াঅনেকটা দিন পর নতুন ছবির পোস্টার শেয়ার করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। গত বছর ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির আগে পরের কয়েক বছর এটিকেই বেশি সময় দিয়েছিলেন অভিনেতা।

এবার জানালেন, শিগগিরই আসতে যাচ্ছে তার নতুন ছবি ‘নীলচক্র’। শুক্রবার (৩ মে) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করলেন নতুন সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে দেখা যায়, সুতীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন শুভ।  পেছনে আছেন লম্বা চুলের একজনের মাথা। ছবিজুড়ে নীল ও লালের আধিক্য।

নতুন সিনেমা নিয়ে শুভ বলেন, ‘নীলচক্র কি নীল হবে না রক্তের রঙ লাল হবে, সেটা দেখার অপেক্ষায়। শিগগিরই আসছে নীলচক্র।’

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত ‘নীলচক্র’ সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। যৌথভাবে এর চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান।

মিঠু খান ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘সিনেমাটির কাজ শেষ। এখন সম্পাদনার টেবিলে আছে। এই মুহূর্তে প্রযোজক আছেন আমেরিকায়। তিনিই সিদ্ধান্ত নেবেন কবে আসবে সিনেমাটি।’

ছবিতে আরিফিন শুভর সঙ্গে দেখা যাবে ‘কাজলরেখা’খ্যাত নায়িকা মন্দিরা চক্রবর্তীকে। এছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।