গেল ঈদে দেশের সিনেমা হলে আসে শাকিব খানের চলচ্চিত্র ‘রাজকুমার’। দেশের ব্যাপক আলোচনার পর এটি মুক্তি পায় ভিন্নদেশেও।
যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, আরব আমিরাত চলে ছবির প্রদর্শনী। এবার এটি আসছে ওটিটিতে।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে শিগগিরই সিনেমাটি স্বল্প খরচে দেখা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে প্রযোজক আরশাদ আদনানের চুক্তি হয়েছে।
এ প্রসঙ্গে বঙ্গ’র প্রধান কনটেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘রোজার ঈদে রাজকুমার সবচেয়ে ভালো ব্যবসা করেছে। দর্শকও ছবিটি নিয়ে আগ্রহী। বহু দর্শক অনলাইনে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে। এজন্য ছবির প্রযোজকের সঙ্গে যোগাযোগ করি। দুই পক্ষের সমঝোতার মাধ্যমে চুক্তি হয়েছে।’
কবে নাগাদ ওটিটির পর্দায় দেখা যাবে ‘রাজকুমার’, তা এখনই খোলাসা করেননি সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল আজহা অন্তর্জালে আসতে পারে এটি।
উল্লেখ্য, বাংলাদেশ ও আমেরিকায় বিশাল আয়োজনে হয় ‘রাজকুমার’র শুটিং। এতে শাকিব খানের নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। এছাড়াও আছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, দিলারা জামান, ডা. এজাজ, ফারুক আহমেদ, এরফান মৃধা শিবলু প্রমুখ। এক তরুণের আমেরিকা যাওয়ার জার্নি এবং তার প্রেম ও পরিবারের প্রতি আবেগের গল্প উঠে এসেছে এই সিনেমাতে। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।