শাকিব খানের শিক্ষক-নৃত্যগুরু আজিজ রেজা গুরুতর অসুস্থ

চলচ্চিত্রের বর্ষীয়ান নৃত্য পরিচালক আজিজ রেজার হার্ট অ্যাটাক হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নৃত্য পরিচালককে বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি শাকিব খানের শিক্ষক। 

তাঁর অসুস্থতার খবরটি জানিয়েছেন অভিনেতা সাইফ খান।

তিনি আজ বেলা ৩টায় ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‌‘আজিজ ভাইয়ের বুকে ব্যথা উঠলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাঁর এনজিওগ্রাম চলছে। চিকিৎসকরা ধারণা করছেন তাঁর হার্টে একটি ব্লক আছে। তাঁকে দ্রুতই হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হবে।’

ঢাকাই চলচ্চিত্রের অসংখ্য নায়ক-নায়িকার নৃত্যগুরু আজিজ রেজা। তিনিই শাকিব খানকে এই ইন্ডাস্ট্রিতে নিয়ে আসেন। এই শীর্ষ নায়কের ক্যারিয়ারে রেজার অবদান অনন্য। চলচ্চিত্রে নৃত্য পরিচালনার পাশাপাশি তাঁর নৃত্যশিক্ষা প্রতিষ্ঠানও আছে। আজিজ রেজা এখন পর্যন্ত ১ হাজার ৯৬টি গানের কোরিওগ্রাফি করেছেন। ঢালিউডের অসংখ্য কাজের বাইরেও টালিউডেও তিনি কাজ করেছেন।