লন্ডনের সম্মানজনক ডিভি চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের চারটি চলচ্চিত্র। এগুলো হলো ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে নির্মিত ‘লতিকা’, নুহাশ হুমায়ূনের ‘মশারি’, ধ্রুব দাসের 'পোস্টার' ও আসমা বিথির ‘দপ্রুঝিরি’।
এরমধ্যে প্রামান্য চলচ্চিত্র লতিকা পরিচালনা করেছেন সামছুল ইসলাম স্বপন। আগামী ৭ জুলাই লন্ডনের ইনস্টিটিউট অব কনটেম্পোরারি আর্টসের মঞ্চে সিনেমাটি প্রদর্শিত হবে।
নির্মাতা স্বপন জানিয়েছেন, এই উৎসবে চলচ্চিত্র লতিকা প্রদর্শনের জন্য নির্বাচিত হওয়াতে তিনি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত।
লতিকা এ বছর সুইজারল্যান্ডের ৫৫তম ভিশনস ডু রিয়েল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে অফিশিয়াল ভাবে জায়গা করে নিয়েছিল। এ ছাড়া যুক্তরাজ্যের ২৩তম ওয়াও-ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব এবং চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হয়েছে।
অন্যদিকে নুহাশের মশারি এর আগে বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছে। প্রশংসা পেয়েছে পোস্টার ও দপ্রুঝিরিও।