টিভি নাটকে জুটি বেঁধে কাজ করলেও এবারই প্রথম বড় পর্দায় হাজির হচ্ছেন এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা। মুক্তি পেতে যাচ্ছে এই জুটির ‘জলে জ্বলে তারা’। সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী।
এটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল। ২০২১ সালের অক্টোবরে করোনা মহামারির সময়ে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র তিন সপ্তাহেই শেষ হয় দৃশ্যধারণ।
এরপর সিনেমাটির সব কাজ শেষ হলে একাধিকবার মুক্তির তারিখ ঠিক করা হয়। কিন্তু প্রতিবারই মুক্তি পিছিয়ে যায়। গত বছরেও সিনেমাটি মুক্তির তালিকায় ছিল, কিন্তু জুলাই বিপ্লবের কারণে আর মুক্তি দেননি নির্মাতা। এখন ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে এটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন অভিনেতা এফ এস নাঈম। দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বড় পর্দায় আসছেন তিনি।
এই অভিনেতা বলেন, ‘প্রথমবার দর্শক আমাকে বড় পর্দায় প্রধান চরিত্রে দেখবেন। ভালোবাসা দিবস হলে সিনেমাটি আলাদা গুরুত্ব পায়। আমাদের গল্পটি মানবিক সম্পর্কের। এখানে সবগুলো গান রোমান্টিক। এগুলো দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে।’
এদিকে, সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অরুণ চৌধুরী বলেন, ‘এটা রোমান্টিক গল্প। যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। ১৪ ফেব্রুয়ারি রিলিজ ডেটও নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘প্রথমবার পর্দায় দর্শক নাঈম-মিথিলার রসায়ন দেখবে। রোমান্টিক, মানবিক গল্পটি দর্শক পছন্দ করবেন।’
এ সিনেমায় নাঈম-মিথিলা ছাড়াও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।