আবার শুরু হচ্ছে শুভ-সোহিনীর ‘লহু’, যেভাবে সমাধান হলো জটিলতার

টলিউডের চর্চিত ওয়েব সিরিজ ‘লহু’ আবারও ফিরছে শুটিং ফ্লোরে। আরিফিন শুভ ও সোহিনী সরকারকে নিয়ে শুরু হওয়া এই সিরিজটির কাজ মাঝপথে থেমে গিয়েছিল নানা জটিলতায়। এবার সব মনোমালিন্য ভুলে ফের শুরু হচ্ছে নির্মাণযাত্রা।

পরিচালক রাহুল মুখোপাধ্যায় শুরুতে নিয়ম লঙ্ঘন করে শুটিং চালিয়ে যাওয়ায় তাঁকে বহিষ্কার করেছিল ডিরেক্টরস ফেডারেশন। বিষয়টি নিয়ে দারুণ বিতর্ক ও আলোড়ন তৈরি হয় টলিউড অঙ্গনে। শুটিং বন্ধ হয়ে পড়ে লহু’র।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, এই জটিলতার অবসান ঘটে ডিরেক্টরস ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের হস্তক্ষেপে। তাঁর মধ্যস্থতায় আবারও গতি পেল লহুর কাজ।

রাহুল মুখোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, ‘স্বরূপদা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। উনার কাছে আমি কৃতজ্ঞ।’

চরকি ওটিটি প্ল্যাটফর্মের ভারতীয় কর্মকর্তা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ও স্বরূপ বিশ্বাসের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমাদের দিক থেকেও কিছু ভুল ছিল। স্বরূপ দা বুঝিয়ে দিয়েছেন, সেটা শুধরে আবার আমরা কাজ শুরু করছি।’

লহু ছাড়াও চরকির পরিকল্পনায় আরও কয়েকটি নতুন প্রজেক্ট রয়েছে বলে জানিয়েছেন অনিন্দ্য।

প্রসঙ্গত, ওয়েব সিরিজ লহুর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের আরিফিন শুভ ও ভারতের সোহিনী সরকার। এই সিরিজ ঘিরে দুই বাংলার দর্শকদের আগ্রহ তুঙ্গে।