জুলাই গণঅভ্যুত্থান দিবসে (৫ আগস্ট) নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। শিরোনাম ‘দেশ’। সিনেমাটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ।
অ্যাকশনধর্মী এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে নিরবকে। একজন সাহসী পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন তিনি। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট পোস্টার। তবে নায়িকার নাম এখনই প্রকাশ করতে চাইছেন না সংশ্লিষ্টরা।
আগামী ১৬ ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানালেন নির্মাতা ফুয়াদ। তিনি বলেন, ‘এ সিনেমা নিয়ে কয়েক মাস হলো নিরবের সঙ্গে কথা হচ্ছে। আমরা অনেকটা এগিয়েছি। চলতি মাসেই শুটিং শুরুর কথা ছিল, কিন্তু নিরবের অন্য দুই সিনেমার কারণে এখন শুটিং শুরু করতে পারিনি। ডিসেম্বরে শুটিংয়ে যাওয়ার সকল প্রস্তুতি নিয়ে রেখেছি।’
জানা যায়, দেশপ্রেমের একটি গল্পে নির্মিত হবে সিনেমাটি। এ বিষয়ে নিরব বলেন, ‘ছবির গল্পটা যেহেতু দেশ নিয়ে, দেশের মানুষদের নিয়ে—তাই ছবিটির ঘোষণা দেওয়ার জন্য গণঅভ্যুত্থান দিবস ছাড়া উপযুক্ত সময় হতেই পারে না। মুক্তিও আমরা সামনে গণঅভ্যুত্থান দিবসে দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘‘এখানে আমার চরিত্রের নামও ‘দেশ’। নিজের নাম যখন দেশ হয়, তখন ভেতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়।’’
এদিকে, আগামী সেপ্টেম্বরে শুরু হবে নিরব অভিনীত ‘গোলাপ’ সিনেমার শুটিং। যেখানে তাঁর নায়িকা হিসেবে রয়েছেন পরী মণি। পরিচালনা করেছেন সামছুল হুদা। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে নিরব অভিনীত ‘শিরোনাম’ নামের আরও একটি সিনেমা।